Special Train: লোকনাথ বাবার জন্মতিথিতে ৩ দিন স্পেশাল ট্রেন চালাবে রেল, টাইম টেবিল ও রুট দেখে নিন

লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে কচুয়ার ভিড়ের কথা মাথায় রেখে হাসনাবাদ সেকশনে স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। ট্রেনটি কত দিনের জন্য চলছে, দেখে নেওয়া যাক।

Advertisement
লোকনাথ বাবার জন্মতিথিতে ৩ দিন স্পেশাল ট্রেন চালাবে রেল, টাইম টেবিল ও রুট দেখে নিনলোকনাথ বাবার জন্মতিথিতে ৩ দিন স্পেশাল ট্রেন চালাবে রেল
হাইলাইটস
  • লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে পুণ্যার্থী ও যাত্রীদের ভিড় সামলাতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল।
  • আগামী ২, ৩ ও ৪ সেপ্টেম্বর লক্ষ লক্ষ ভক্তসমাগম হবে কচুয়া ধামে।
  • বিপুল সংখ্যক ভক্ত ট্রেনে করেই বারাসত হয়ে কাঁকড়া মির্জানগর স্টেশনে নেমে কচুয়া ধামে পৌঁছান।

লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষ্যে পুণ্যার্থী ও যাত্রীদের ভিড় সামলাতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬ তম জন্মতিথি উপলক্ষে আগামী ২, ৩ ও ৪ সেপ্টেম্বর লক্ষ লক্ষ ভক্তসমাগম হবে কচুয়া ধামে। এরমধ্যে বিপুল সংখ্যক ভক্ত ট্রেনে করেই বারাসত হয়ে কাঁকড়া মির্জানগর স্টেশনে নেমে কচুয়া ধামে পৌঁছান। ফলে ট্রেনে যাত্রীদের ভিড় হয় ব্যাপক। এই পরিস্থিতি সামলাতে এবার স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল।

রেলের তরফে জানানো হয়েছে, পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে আগামী ২, ৩ ও ৪ সেপ্টেম্বর বারাসত- হাসনাবাদ শাখায় চালানো হবে একজোড়া স্পেশাল ট্রেন। মূলত কাঁকড়া মির্জানগরের ভিড়ের কথা মাথায় রেখেই এই স্পেশাল ট্রেনটির ব্যবস্থা করেছে পূর্ব রেল।

স্পেশাল EMU ট্রেনটির টাইম টেবিল দেখে নিন

বারাসত- হাসনাবাদ স্পেশাল ট্রেনটি নির্দিষ্ট তিন দিনই বারাসত থেকে ছাড়বে দুপুর ১টা বেজে ২০ মিনিটে। সেটি হাসনাবাদ পৌঁছবে দুপুর ২টো বেজে ৫৩ মিনিটে। ট্রেনটি কাঁকড়া মির্জানগর স্টেশনে পৌঁছবে ১টা ৫৭ মিনিটে।

অন্যদিকে হাসনাবাদ-বারাসত স্পেশাল EMU ট্রেনটি হাসনাবাদ থেকে ছাড়বে দুপুর ৩টে বেজে ৩০ মিনিটে। সেটি বারাসত এসে পৌঁছাবে ৪টে বেজে ৫০ মিনিটে। এই ট্রেনটি কাঁকড়া মির্জানগর স্টেশনে এসে পৌঁছাবে ৪টে বেজে ৭ মিনিটে। দুটি ট্রেনই যাত্রাপথে এই স্টেশনে ১ মিনিট দাঁড়াবে। পাশাপাশি, অন্য সবকটি হল্ট স্টেশনেও এই ট্রেনটি দাঁড়াবে।

উল্লেখ্য, লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে ইতিমধ্যেই সাজোসাজো রব কচুয়া মহাধামে। ইতিমধ্যেই বসিরহাট জেলা পুলিশ ও লোকনাথ মিশনের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার ভাবনা রয়েছে প্রশাসনের। এছাড়াও, যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নাইট ভিশন ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।

 

POST A COMMENT
Advertisement