ট্রে প্রতি ৬ টাকা বেড়েছে ডিমের দামমধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে সস্তা হয়েছিল ডিম। কিন্তু ফের একবার দাম বাড়তে শুরু করে আগের অবস্থানেই ফিরে যাচ্ছে ডিমের রেট। ন্যাশনাল এগ কো-অর্ডিনেশন কমিটির দেওয়া তথ্য অনুসারে, গত ১০ দিনে পাইকারি বাজারেই ডিমের দাম প্রতি ট্রে-তে বৃদ্ধি পেয়েছে ৬ টাকা।
কমিটির দেওয়া তথ্য বলছে, পশ্চিমবঙ্গে গত ১০ মার্চ পাইকারি বাজারে প্রতি পিস ডিমের দাম ছিল ৪.৭৫ টাকা। ডিমের ট্রে প্রতি রেট ছিল ১৪২ টাকা ৫০ পয়সা।
কিন্তু, আজ ১৯ মার্চ পাইকারি বাজারে প্রতি পিস ডিমের দাম রয়েছে ৪.৯৫ টাকা। ট্রে প্রতি রেট রয়েছে ১৪৮ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ৬ টাকা বৃদ্ধি পেয়েছে দাম।
ন্যাশনাল এগ কো-অর্ডিনেশন কমিটির দেওয়া তথ্য অনুসারে, আজ বাংলার খুচরো বাজারে বৃহস্পতিবার প্রতি পিস ডিমের দাম রয়েছে ৫টা ২৫ পয়সা। ট্রে প্রতি দাম রয়েছে ১৫৭ টাকা ৪১ পয়সা। অন্যদিকে, সুপার মার্কেটে আজ ডিমের প্রতি পিসের দাম রয়েছে ৫ টাকা ৩৫ পয়সা। ট্রে প্রতি ডিমের দাম রয়েছে ১৬০ টাকা ৩৮ পয়সা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতেই ধড়াম করে পড়েছিল ডিমের দাম। মূলত নিরাপত্তাজনিত উদ্বেগ ও পরিবহণ রাস্তায় বিঘ্নের জেরে আরব আমিরশাহী, ওমান, কাতার এবং বাহারিনের মতো দেশগুলির সঙ্গে ব্যবসা বন্ধ হয়ে যাওয়াতেই ধাক্কা খেয়েছিল ভারতের ডিম রফতানি। আগে যেখানে প্রতিদিন প্রায় ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ১ কোটি ডিম প্রতিদিন রফতানি করা হত, তা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। ফলে দেশে অতিরিক্ত ডিমের স্টক জমে যাওয়াতেই সস্তায় ডিম পেতে শুরু করেছিলেন গ্রাহকেরা।