PF থেকে কখন সুদ পাওয়া বন্ধ হয়ে যায়?EPFO মেম্বারদের জন্য জরুরি খবর। বিশেষ করে যে সদস্যরা সম্প্রতি অবসর নিয়েছেন, তাঁদের একটি বিষয় জানা অত্যন্ত জরুরি। অনেকেই মনে করেন, EPFO-র টাকা অবসরের পর রেখে দিলে, তা থেকে সুদ পেতে থাকবেন। কিন্তু আসলে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়ে দিয়েছে, অবসর গ্রহণের পর সদস্যদের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিতে হবে।
সম্প্রতি একটি এক্স পোস্টে EPFO মেম্বারদের জানিয়েছে, গ্রাহকদের অ্যাকাউন্ট কখন “নিষ্ক্রিয়” হয়ে যেতে পারে সে বিষয়ে যেন তাঁরা সচেতন থাকেন। একইসঙ্গে যাতে নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রাপ্য ব্যালেন্স তুলে নেন।
কোনও ব্যক্তি কাজ করা বন্ধ করে দিলেও তার অ্যাকাউন্টে EPF ব্যালেন্স থেকে যেতেই পারে, কিন্তু সেই অ্যাকাউন্টে থাকা টাকার উপর যে সুদ জমা হতেই থাকবে, এমন গ্যারান্টি নেই। কখন একটি EPF অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়, দেখে নিন।
যখন মাসে মাসে অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যায় এবং মেম্বাররা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা টাকা তুলে না নেন, তখন একটি epf অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। EPDO-র নিয়ম অনুযায়ী, অবসর গ্রহণ, বিদেশে স্থায়ীভাবে চলে যাওয়া বা কোনও সদস্যের মৃত্যুর পর কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে একটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। সাধারণত, এই ধরনের পরিস্থিতিতে তিন বছর পর একটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়।
৫৫ বছরে অবসর নিলে কী হবে?
কোনও মেম্বার যদি ৫৫ বছরের আগে অবসর নেন, সেক্ষেত্রে তিনি ৫৮ বছর বয়স পর্যন্ত সুদ পেতে থাকবেন। তবে, ৫৫ বছর বয়সে বা তাঁর পরে অবসর গ্রহণ করলে, অবসরের তিন বছর পর অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
EPFO-তে জিজ্ঞাসা করা প্রশ্ন (FAQ) অনুসারে, যদি কোনও ব্যক্তি ৫০ বছর বয়সে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন, তাহলেও তাঁর ৫৮ বছর বয়স পর্যন্ত সুদ জমা হতে পারে। আসলে কত সময় ধরে সুদ পাবেন, তা অবসরের বয়সের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, যদি ৬০ বছর বয়সে অবসর গ্রহণ করা হয়, তাহলে অবসর-পরবর্তী তিন বছর পর্যন্ত সুদ অর্জিত হতে পারে, যা ৬৩ বছর বয়স পর্যন্ত চলে।
PF ব্যালেন্স তোলার সিদ্ধান্ত নেওয়ার সময় অবসরের তারিখ হিসেব করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে একটি নিষ্ক্রিয় EPF অ্যাকাউন্টের অর্থ, সেই অ্যাকাউন্টে থাকা টাকা গ্রাহক তুলতে পারবেন। কিন্তু সুদ আর পাওয়া নাও যেতে পারে।