EDLI যোজনায় পরিবার পাবে ৭ লক্ষ টাকাএমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ EPFO-এর মেম্বারদের জন্য বড় খবর। সদস্যদের যত দ্রুত সম্ভব তাদের ই-নমিনেশনের বিবরণ আপডেট করার বার্তা দিচ্ছে EPFO। এই নমিনেশন করার ফলে সবচেয়ে বড় সুবিধা পাবেন গ্রাহকেরাই।
ইপিএফও জানিয়েছে, এর ফলে চাকরি করার সময়ে কর্মচারীর মৃত্যু হলে তাঁর পরিবার এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স (EDLI) প্রজেক্টের আওতায় ৭ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পেতে পারেন।
EDLI স্কিম বলতে কী বোঝায়?
এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স (EDLI) স্কিমটি EPFO -র তরফে পরিচালিত একটি লাইফ ইনস্যুরেন্স স্কিম। এই স্কিমের আওতায়, কোনও EPF সদস্য কর্মরত অবস্থায় মারা গেলে, তাঁর মনোনীত ব্যক্তি বা আইনসম্মত উত্তরাধিকারীকে এককালীন বিমার টাকা দেওয়া হয়। সবচেয়ে সুবিধা হল, এই টাকা পুরোপুরি আয়করমুক্ত।
কত টাকার বিমার সুরক্ষা পাওয়া যায়?
বর্তমান নিয়ম অনুযায়ী, EDLI স্কিমের আওতায় সর্বনিম্ন ২.৫ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ৭ লক্ষ টাকার বিমা সুবিধা পাওয়া যায়। বিমার পরিমাণ কর্মচারীর বেতনের উপর ভিত্তি করে নির্ধারিত হয়, যার মধ্যে গড় মাসিক বেতন এবং একটি অতিরিক্ত বোনাস অংশ অন্তর্ভুক্ত থাকে।
কেন ই-নমিনেশন আপডেট করা প্রয়োজন?
EPFO জানিয়েছে, নমিনি ঠিক করা ব্যক্তির তথ্য পুরোনো, ভুল বা একেবারেই প্রবেশ করানো না হলে ক্লেইম সেটেলমেন্টে দেরি হতে পারে। এমন ক্ষেত্রে, পরিবারকে অতিরিক্ত নথি জমা দিতে হতে পারে। পাশাপাশি ভেরিফিকেশন প্রসেসও দেরি হতে পারে।
EPFO জানিয়েছে, বিয়ে, সন্তানের জন্ম বা পারিবারিক অবস্থার অন্য কোনও বড় পরিবর্তন হলে সদস্যদের অবশ্যই ই-নমিনেশন তথ্য আপডেট করতে হবে। সদস্যরা EPFO পোর্টালের মাধ্যমে অনলাইনে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন।
কীভাবে এই যোজনার টাকা পাবেন?
কোনও সদস্যের মৃত্যুর পর, নমিনি বা আইনসম্মত উত্তরাধিকারীকে ফর্ম ৫ আইএফ-এর সঙ্গে ডেথ সার্টিফিকেট, বাতিল করা চেক প্রয়োজন হলে উত্তরাধিকারের ডকুমেন্টসের মতো নথি জমা দিতে হবে।
ফর্মটি একজন এমপি, এমএলএ, ব্যাঙ্ক ম্যানেজার, ম্যাজিস্ট্রেট বা গেজেটেড অফিসার দ্বারাও ভেরিফাই করা যেতে পারে। EPFO আবেদন জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে ক্লেইম নিষ্পত্তি করতে বাধ্য। যদি EFPO এই কাজে দেরি করে, তাহলে ১২ শতাংশ বার্ষিক সুদও ধার্য হতে পারে।