এবার শীঘ্রই PF-এর টাকা তোলা যাবে UPI দিয়েএমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর লক্ষ লক্ষ সদস্যের জন্য সুখবর। নিজেদের UPI উইথড্রল পলিসি নিয়ে আার যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছেন EPFO। সব ঠিক থাকলে, EPFO 3.0-এর আওতায় পিএফ গ্রাহকেরা UPI ব্যবহার করে নিজেদের EPFO-তে জমানো টাকা তুলতে পারবেন। রিপোর্ট বলছে, এ সংক্রান্ত ট্রায়াল প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে।
ডিসেম্বরে UPI সিস্টেম চালুর প্রস্তুতি
EPFO বরাবরই তার সদস্যদের জন্য নতুন পদক্ষেপ নিচ্ছে। যেমন কিছুদিন আগে চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। আর এখন PF-এর টাকা UPI-এর মাধ্যমে তোলার প্রক্রিয়াও প্রায় সম্পন্ন। ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, PF-এর মেম্বাররা UPI-এর সাহায্যে PF-এর টাকা তুলতে পারবেন সম্ভবত আগামী মাস থেকেই, অর্থাৎ ডিসেম্বর মাস থেকে। তবে ডিসেম্বর মাসে পরীক্ষামূলক ভাবে চালু করা হলেও, ধাপে ধাপে এই প্রক্রিয়া পুরোদমে চালু করতে ফেব্রুয়ারি মাস হয়ে যেতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন নিজেদের আপডেটেড সংস্করণ ৩.০-তে এই পরিবর্তনগুলি আনছে। সূত্রের তরফেও দাবি করা হয়েছে, PF-এর টাকা UPI-এর মাধ্যমে তোলার প্রক্রিয়ার ট্রায়াল ইতিমধ্যে হয়েও গিয়েছে। ফলে বিষয়টি চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা।
অন্যদিকে, UPI ও ATM-এর মাধ্যমে টাকা তোলার সুবিধার ফলে সদস্যরা তাদের প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয় আরও সহজে তুলতে পারবেন। এর ফলে কাগজপত্রের কাজ কমবে এবং ক্লেইম সেটেলমেন্টের প্রক্রিয়াও আরও দ্রুত হবে। প্রায় তাৎক্ষণিক ভাবে UPI-এর মাধ্যমে টাকা তোলা যাবে।
PF-এ জমার ৭৫ শতাংশ টাকা তোলা যাবে
EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ ২০২৫ সালের অক্টোবরে EPFO ৩.০ ফ্রেমওয়ার্ক অনুমোদন করেছে। এক বছরের মধ্যে এটি বাস্তবায়নের নির্দেশও দিয়েছিল CBT। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, যোগ্য গ্রাহকরা UPI পরিষেবার মাধ্যমে তাদের অ্যাকাউন্ট ব্যালেন্সের ৭৫ শতাংশ টাকা তুলতে পারবেন বলে জানানো হয়েছিল। তবে, সম্প্রতি ৯০% পিএফ তোলার নিয়ম চালু করা হয়েছে।