ন্যূনতম পেনশন ১০০০ টাকা থেকে বেড়ে ৩০০০ টাকা হবে? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ২৪০তম সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ অর্থাৎ CBT-র সভা হতে চলেছে ১৯ নভেম্বর। এই সভার ফলে সারা দেশের লক্ষ লক্ষ পেনশনভোগীর ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আসলে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড-এর আওতায় ন্যূনতম পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করার একটি দীর্ঘদিনের দাবি রয়েছে। সূত্রের বক্তব্য, সরকার এই প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তবে,এখনও আনুষ্ঠানিকভাবে এই বৃদ্ধি অনুমোদন করেনি।
EPFO-র ২৪০তম সভা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে
ইপিএফও-র এই সভা গুজরাতের গির-এ হতে পারে। ৩০ সেপ্টেম্বর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের সদস্যদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। তবে, ৪ নভেম্বর জারি করা একটি নতুন চিঠিতে সভার স্থান বদল করা হয়। নতুন জায়গা নির্ধারিত হয়, নয়াদিল্লির পূর্ব কিডওয়াই নগরে EPFO-র সদর দফতরে।
ন্যূনতম পেনশন কি হাজার টাকা থেকে বেড়ে ৩,০০০ টাকা হবে?
EPS পেনশনভোগীদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হল, সরকার ন্যূনতম মাসিক পেনশন বাড়াবে কি না। সূত্রমতে, পেনশন বৃদ্ধি নিয়ে শ্রম মন্ত্রক এবং অর্থ মন্ত্রকের মধ্যে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, দুটি মন্ত্রক ৩,০০০ টাকার ন্যূনতম পেনশনের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। তবে, এবিষয়ে কোনও সরকারি ঘোষণা এখনও করা হয়নি।
২০১৪ সাল থেকে ১০০০ টাকা মিলছে
EPS-এর আওতায় ন্যূনতম মাসিক ১০০০ টাকার পেনশন ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। তখন থেকে এই পরিমাণ অপরিবর্তিত রয়েছে। ফলে পেনশনভোগী সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলো এই টাকার অঙ্ক বৃদ্ধির দাবি করে আসছে। বেশ কয়েকটি পেনশনভোগী সংগঠন ন্যূনতম মাসিক পেনশন বাড়িয়ে ৭,৫০০ টাকা করার দাবি জানাচ্ছে।
পেনশনভোগীদের এখন কী মনে রাখা উচিত?
যদি আপনি একজন EPS পেনশনভোগী হন এবং ন্যূনতম ৩০০০ টাকা পেনশন পাওয়ার অপেক্ষায় থাকেন, তবে ধরে নেবেন না, বর্তমানে কোনও পরিবর্তন কার্যকর হয়েছে। বর্তমানে ন্যূনতম মাসিক পেনশন হল ১০০০ টাকা। ৩ হাজার টাকা বৃদ্ধির খবরটি অন্য রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি। এটি সরকারের তরফে নিশ্চিত করা হয়নি।