ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগ নিয়ে নতুন করে ভাবছেন আমানতকারীরা। Fixed Deposit-এ SBI থেকে শুরু করে ICICI-এর মতো ব্যাঙ্কগুলি কেমন সুদ দিচ্ছে? April 2026-এর আপডেট পাবেন এই প্রতিবেদনে। স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট (FD)-এ এখন বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার প্রায় ৭.৭৫% পর্যন্ত পৌঁছে গিয়েছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে FD যে বেশ আকর্ষণীয়, তা বলাই যায়। FD-র সবচেয়ে বড় সুবিধা হল নির্দিষ্ট সময়ের জন্য টাকা রেখে নির্দিষ্ট সুদ পাওয়া যায়। সেভিংস অ্যাকাউন্টের মতো ওঠানামা নেই। তবে কোন ব্যাঙ্কে কত সুদ মিলছে, তা আগেভাগে জেনে নেওয়া জরুরি।
SBI
প্রথমেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি ২ থেকে ৩ বছরের FD-তে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। সাধারণ গ্রাহকের জন্য এই হার প্রায় ৬.৪৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য প্রায় ৬.৯৫ শতাংশ। আবার ৫ থেকে ১০ বছরের FD-তে প্রবীণরা প্রায় ৭.০৫ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন, যেখানে সাধারণ গ্রাহকদের জন্য তা প্রায় ৬.০৫ শতাংশ।
HDFC Bank
বেসরকারি ব্যাঙ্ক HDFC Bank-এও মাঝারি মেয়াদে FD করলে বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। ১.৫ বছর থেকে ৩ বছরের মধ্যে সাধারণ গ্রাহকরা প্রায় ৬.৪৫ শতাংশ এবং প্রবীণরা প্রায় ৬.৯৫ শতাংশ সুদ পাচ্ছেন। ৩ থেকে প্রায় ৫ বছরের FD-তে এই হার সামান্য বেড়ে সাধারণদের জন্য ৬.৫ শতাংশ এবং প্রবীণদের জন্য প্রায় ৭ শতাংশে পৌঁছচ্ছে।
ICICI Bank
ICICI Bank-ও মোটামুটি একই। ২ থেকে ৩ বছরের FD-তে সাধারণ গ্রাহকদের জন্য সুদ প্রায় ৬.৪৫ শতাংশ এবং প্রবীণদের জন্য ৬.৯৫ শতাংশ। ৩ থেকে ৫ বছরের মধ্যে এই হার বেড়ে সাধারণদের জন্য প্রায় ৬.৫ শতাংশ এবং প্রবীণদের জন্য প্রায় ৭.১ শতাংশ পর্যন্ত যাচ্ছে। পাঁচ বছরের ট্যাক্স সেভার FD-তেও একই রিটার্ন পাওয়া যাচ্ছে।
Yes Bank
সবচেয়ে বেশি নজর কাড়ছে Yes Bank। এই ব্যাঙ্কে ১ থেকে ২ বছরের FD-তে সাধারণ গ্রাহকরা প্রায় ৭ শতাংশ এবং প্রবীণরা প্রায় ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। ৩ থেকে ৫ বছরের FD-তে প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ প্রায় ৭.৭৫ শতাংশ সুদের অফার রয়েছে, যা এই মুহূর্তে অন্যতম সেরা।
Kotak Mahindra Bank
Kotak Mahindra Bank-ও পিছিয়ে নেই। ১ থেকে ৩ বছরের FD-তে সাধারণ গ্রাহকরা প্রায় ৬.৭ শতাংশ এবং প্রবীণরা প্রায় ৭.২ শতাংশ সুদ পাচ্ছেন। তবে ৩ বছরের বেশি মেয়াদে সুদের হার কিছুটা কমে যায়।
সব মিলিয়ে দেখা যাচ্ছে, সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের মধ্যে সুদের হারের ব্যবধান খুব বেশি নয়, যদিও বেসরকারি ব্যাঙ্কগুলি কিছু ক্ষেত্রে সামান্য বেশি রিটার্ন দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদের সুবিধা সব ব্যাঙ্কেই রয়েছে।
তবে শুধু সর্বোচ্চ সুদের দিকে তাকিয়ে বিনিয়োগ করা ঠিক নয়। কোন মেয়াদে টাকা রাখলে সর্বোচ্চ লাভ হবে, সেটাও ভেবে দেখা প্রয়োজন। সঠিক সময়ে এবং সঠিক মেয়াদে FD করলে রিটার্ন অনেকটাই বাড়ানো সম্ভব।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।