পয়লা সেপ্টেম্বর থেকে বদলঅগাস্ট মাস শেষ হতে আর হাতে গোনা কয়েক দিন বাকি। সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকেই বেশ কিছু নিয়মে বদল আসতে চলেছে। ব্যবসা বা কোনও পেশা থেকে আয় হলে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও শেষ হয়ে আসছে। ক্রেডিট কার্ড থেকে মিউচুয়াল ফান্ড, ১ সেপ্টেম্বর থেকে কোন কোন নিয়মে বদল আসছে, দেখে নেওয়া যাক এক নজরে।
রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ- আয়ের উৎস ব্যবসা বা কোনও পেশা হলে অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭-এর জন্য আয়কর রিটার্ন (ITR) যত দ্রুত সম্ভব জমা দিন। এই ধরনের করদাতাদের জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ব্যবসা বা পেশা থেকে আয় করা করদাতাদের ক্ষেত্রে ব্যবসার অডিট করানো বাধ্যতামূলক নয়। এই করদাতারা ফর্ম ৩ এবং ৪-এর মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে জরিমানাও দিতে হতে পারে।
এ বিষয়ে আয়কর দফতর এক্স অ্যাকাউন্টে জানিয়েছে,'আপনার কি ব্যবসায়িক বা পেশাগত আয় রয়েছে? যদি থাকে এবং অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭-এর রিটার্ন নন-অডিট ক্যাটেগরির আওতায় পড়ে, তা হলে আয়কর রিটার্ন ৩১ অগাস্টের মধ্যে জমা দিতে ভুলবেন না'।
A quick guide to help you pick the right form between ITR 3 or 4 for AY 2026-27.
— Income Tax India (@IncomeTaxIndia) August 20, 2026
Don’t wait for the last minute. File your non-audit ITRs (ITR-3, 4, 5, and 7) before 31st August 2026.
👉 https://t.co/5XSxJVCtPx#ITR #TaxFiling #FileNow pic.twitter.com/SBT5r3eYNp
আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডে বদল- ভারতে প্ল্যাটিনাম ট্রাভেল ক্রেডিট কার্ডের মাইলস্টোন রিওয়ার্ডে বড়সড় কাটছাঁট করতে চলেছে আমেরিকান এক্সপ্রেস। এর ফলে ১০ সেপ্টেম্বর থেকে কার্ডধারীরা আগের তুলনায় কম মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। একটি রিপোর্ট অনুযায়ী, ১.৯ লক্ষ টাকা খরচ করলে কার্ডধারীরা যে অতিরিক্ত ৭,৫০০ মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট পেতেন, তা আর পাওয়া যাবে না। তবে ৪ লক্ষ টাকা খরচের ক্ষেত্রে পয়েন্টের নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না। এছাড়া ১০,০০০ বোনাস মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট পেতে থাকবেন। এর পাশাপাশি ক্রেডিট কার্ডের আরও বেশ কিছু নিয়মেও বদল এনেছে সংস্থাটি।
অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড- অ্যাক্সিস ব্যাঙ্কও ক্রেডিট কার্ডের নিয়ম ও শর্তে একাধিক পরিবর্তনের কথা জানিয়েছে। ২৮ অগাস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হবে। একটি রিপোর্ট অনুযায়ী, এর প্রভাব পড়বে কিছু আন্তর্জাতিক লেনদেনে চার্জ, লেট পেমেন্ট চার্জ এবং রিওয়ার্ড সংক্রান্ত সুবিধার উপর। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন ডায়নামিক কারেন্সি কনভার্সন নিয়ে। বিদেশ ভ্রমণকারী বা আন্তর্জাতিক ব্যবসায়ীদের কাছ থেকে কেনাকাটা করা গ্রাহকদের উপর এর প্রভাব পড়তে পারে। ডিসিসি মার্কআপ ১.৫ শতাংশ থেকে বেড়ে ৩.৫ শতাংশ হবে। এর সঙ্গে অতিরিক্ত করও দিতে হবে। ডিসিসি হল পেমেন্টের একটি বিকল্প ব্যবস্থা। বিদেশের কোনও দোকান বা আন্তর্জাতিক অনলাইন ব্যবসায়ীর কাছ থেকে কেনাকাটা করার সময় কার্ডধারী স্থানীয় মুদ্রার পরিবর্তে ভারতীয় টাকায় পেমেন্ট করার সুযোগ পান। এ ছাড়াও বকেয়া টাকার পরিমাণ বেশি হলে লেট পেমেন্ট চার্জেও বদল আনছে অ্যাক্সিস ব্যাঙ্ক। ৫০ হাজার টাকার বেশি বকেয়া থাকলে লেট পেমেন্ট চার্জ বেড়ে ১,৩০০ টাকা হবে। তবে ৫০০ টাকার কম বকেয়া থাকলে কোনও লেট পেমেন্ট চার্জ দিতে হবে না।
মিউচুয়াল ফান্ডে নমিনি- একটি রিপোর্ট অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে সিঙ্গল-হোল্ডার ডিম্যাট অ্যাকাউন্ট এবং মিউচুয়াল ফান্ডে নমিনেশন সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। বাজার নিয়ন্ত্রক সেবি মে মাসেই এই নিয়মে পরিবর্তন এনেছিল। তবে আগামী মাসের প্রথম দিন থেকেই তা কার্যকর হবে। এই বিষয়ে ২৯ মে সেবি একটি সার্কুলার জারি করেছিল।
সেবির বক্তব্য, নতুন নিয়মের উদ্দেশ্য হল, প্রত্যেক বিনিয়োগকারী যাতে নিজের পছন্দ অনুযায়ী সহজেই নমিনি বেছে নিতে পারেন, তা নিশ্চিত করা। এর ফলে কোনও বিনিয়োগকারীর মৃত্যু হলে তাঁর শেয়ার বা মিউচুয়াল ফান্ড পরিবারের সদস্য বা আইনগত উত্তরাধিকারীদের কাছে সহজে হস্তান্তর করা সম্ভব হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, বিনিয়োগকারীরা নমিনেশনের জায়গাটি ফাঁকা রাখতে পারবেন না।