ফিক্সড রেট নাকি ফ্লোটিং রেট?শহর এবং শহরতলিতে বেড়েছে বাড়ি, ফ্ল্যাটের দাম। এখন অধিকাংশ মধ্যবিত্তের পক্ষেই নগদ টাকায় ফ্ল্যাট বা বাড়ি কেনা সম্ভব নয়। আর এমন পরিস্থিতিতে অনেকেই হোম লোন নিতে চান। এই লোন নিয়ে নিজেদের স্বপ্নপূরণের আশা করেন।
তবে হোম লোন নেওয়ার আগে একাধিক প্রশ্ন ঘোরে মানুষের মনে। বিশেষত, সকলেই জানতে চান ফিক্সড রেট নাকি ফ্লোটিং রেটে নেওয়া উচিত হোম লোন? আর এই উত্তরটাই দেব আমরা। যদিও তার আগে ফিক্সড রেট এবং ফ্লোটিং রেট সম্পর্কে সামান্য জেনে নিন।
ফিক্সড রেট কী?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফিক্সড রেট হল লোনের একটি নির্ধারিত সুদের হার। এই সুদের হার আপনার লোন যতদিন চলবে, ততদিন একই থাকবে। ব্যাঙ্ক কোনওভাবেই এই রেট বাড়াতে বা কমাতে পারবে না।
ফ্লোটিং রেট নিয়ে দুই-চার কথা
ফিক্সড রেটের ঠিক বিপরীত হল ফ্লোটিং রেট। এই রেটের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের সরাসরি যোগ রয়েছে। রেপো রেট যদি বাড়ে, তখন ব্যাঙ্ক বৃদ্ধি করবে সুদ। আর আরবিআই রেপো রেট কমালে, হ্রাস পেতে পারে সুদ। এটাই হল ফ্লোটিং রেট।
আর ফিক্সড রেট এবং ফ্লোটিং রেটের একাধিক ভাল এবং খারাপ দিক রয়েছে। আর সেগুলি হল-
ফিক্সড রেট
ভাল দিক- কতটা ইএমআই দিতে হবে গোটা সময়, সেটা জানতে পারবেন। পাশাপাশি ইন্টারেস্ট রেট বাড়ার আশঙ্কা নেই।
খারাপ দিক- সাধারণত বেশির দিকে থাকে সুদ। যার ফলে বেশি ইএমআই দিতে হয়। সুদের হার কমলেও বেশি ইএমআই দিয়ে যেতে হয়।
কাদের জন্য ভাল- যাঁরা একটি নির্দিষ্ট পরিমাণ বেতন পান, প্রথমবার বাড়ি কিনছেন বা যদি রেট বাড়তে পারে বলে মনে করেন, তাহলে এই পদ্ধতিতে লোন নেওয়া যেতে পারে।
ফ্লোটিং রেট
ভাল দিক- এই রেট কম হয়। রেপো রেট কমলে ইএমআই হ্রাস পায়। আগেভাগে লোন দিয়ে দিলে খুব একটা পেনাল্টি লাগানো হয় না।
খারাপ দিক- মার্কেট রেট বাড়লে ইএমআই বৃদ্ধি পেতে পারে।
কাদের জন্য ভাল- যাঁরা ঝুঁকি নিতে প্রস্তুত, তাঁরা ফ্লোটিং রেটে নিতে পারেন লোন। এছাড়া লোনের রেট কমতে পারে ভাবলেও নিতে পারেন ফ্লোটিং রেটে।
তাই নিজের যেটায় সুবিধা হয়, সেটা বিবেচনা করুন। তারপরই নিয়ে ফেলুন লোন। আশা করছি, ভালই হবে আপনার।