সোনার দাম কমতেই গোল্ড লোনে বিপদের খাঁড়া, গ্রাহকরা কোন কোন সমস্যায় পড়তে পারেন?গত কয়েকমাস যাবৎ সোনার দাম হু হু করে কমছে। এরফলে যে শুধু বিনিয়োগকারীরা চিন্তিত তা নয়। বরং হলদে ধাতুর এই ভয়াবহ পতনে চাপে পড়ে গিয়েছেন গোল্ড লোন গ্রাহক এবং গোল্ড লোন দেওয়া সংস্থা ও ব্যাঙ্কগুলিও। এই দাম কমার ফলে ঠিক কী কী চাপ তৈরি হয়েছে? বুঝে নিন
সোনার দাম কতটা কমেছে?
চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১.৮০ লক্ষ টাকায় পৌঁছে একটি রেকর্ড গড়েছিল। এখন সেই ২৪-ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে প্রায় ১.২৫ লক্ষ টাকায় নেমে এসেছে। যা কিনা ৩০%-এরও বেশি পতন। আন্তর্জাতিক বাজারেও অবস্থা একই। সেখানেও সোনার দাম প্রতি আউন্স ৫,৫০০ ডলার থেকে কমে ৩,৬০০ ডলারের নিচে নেমে এসেছে।
গোল্ড লোন সংস্থার উপর কী প্রভাব পড়ছে?
গোল্ড লোনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লোন-টু-ভ্যালু (LTV) অনুপাত। ধরুন, কোনও ব্যক্তি ১ লক্ষ টাকার সোনা বন্ধক রেখে ৭০,০০০ টাকার ঋণ নিয়েছেন। সেক্ষেত্রে এই লেনদেনে LTV হবে ৭০%। যদি সোনার দাম ২০ শতাংশ কমে যায়, তাহলে বন্ধক রাখা সোনার দাম কমে ৮০,০০০ টাকা হবে, কিন্তু ঋণের পরিমাণ ৭০,০০০ টাকাই থাকবে। এর ফলে এলটিভি (LTV) বেড়ে প্রায় ৮৭% হবে। যদি গ্রাহক ঋণ পরিশোধ করতে না পারেন, তাহলে সোনা নিলামে তুলে টাকা আদায় করা কঠিন হতে পারে। সোনার দাম আরও নামলে পরিস্থিতি আরও জটিল হতে পারে কোম্পানির জন্য।
কোম্পানিগুলি চিন্তিত
পিরামল ফাইন্যান্সের MD এবং CEO জয়রাম শ্রীধরন জানাচ্ছেন, দুই বছর আগে কোম্পানির ২০-২৫% গ্রাহকের দেশের বাইরে গোল্ড লোন ছিল। এখন সমস্ত প্রোডাক্ট ক্যাটাগরি মিলিয়ে এই সংখ্যা ৩৫%-এর বেশি। সোনার দাম যদি এভাবেই পড়তে থাকে, তবে তা আখেরে কোম্পানির পোর্টফোলিওতে বড় ক্ষতি করবে।
গোল্ড লোন দেওয়া কোম্পানির শেয়ারের কী অবস্থা?
গত পাঁচ দিনে মুথুট ফাইন্যান্সের শেয়ার প্রায় ৮.৫%, মনাপ্পুরাম ফাইন্যান্সের ১১%-এর বেশি এবং আইআইএফএল ফাইন্যান্সের ৪% কমেছে। ফলে এই কোম্পানির শেয়ার রাখা বিনিয়োগকারীরাও আতান্তরে পড়েছেন। সোনার দাম কবে ঘুরে দাঁড়ায়, তা নিয়ে চিন্তায় রয়েছেন অনেকে।
গ্রাহকের উপর কী প্রভাব?
সোনার দাম কমলে গ্রাহকেরা বেশি টাকা হাতে পেতে পারেন। অনেক কোম্পানিই সোনার দাম বাড়লে গ্রাহকদের অতিরিক্ত লোন অফার করে। কিন্তু দামের পতনে তা হয় না। ফলে দরকারেও অতিরিক্ত অর্থ পাবেন না লোন গ্রহীতা।