
বিদেশ থেকে সোনা ফেরানো নিয়ে বিরাট সাফল্য ভারতের। ব্যাঙ্ক অফ ইংল্যান্ড থেকে রাশি রাশি টন সোনা দেশে ফিরিয়ে আনা শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২৪ সালে ভারতে সোনার রিজার্ভের পরিমাণ ছিল ৪৭ শতাংশ। কিন্তু ক্রমাগত সোনা ফিরিয়ে আনার ফলে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে এই পরিমাণ বেড়ে ৮৪ শতাংশে দাঁড়িয়েছে।
সম্প্রতি, ভারত ইংল্যান্ড থেকে আরও একটি বড় চালান আমদানি করেছে। RBI-এর রিপোর্ট বলছে, লন্ডন থেকে ৬০ টনেরও বেশি সোনা দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে মজার বিষয় হলো, সেপ্টেম্বরের শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভে সোনার অংশ কমে গিয়েছে। ভারতে মজুত সোনার পরিমাণ বৃদ্ধি সত্ত্বেও, মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভে এর অংশ সেপ্টেম্বর মাসের শেষে ১৪.৩৮ শতাংশে নেমে এসেছে, যা ছয় মাস আগে ছিল ১৬.৭ শতাংশ।
RBI-এর সাম্প্রতিক রিপোর্ট বলছে, সেপ্টেম্বর মাসের শেষে ভারতের গোল্ড রিজার্ভের পরিমাণ ছিল ৮৮০.৫২ মেট্রিক টন। এর মধ্যে ৭৪০.১৩ মেট্রিক টন, যা মোট পরিমাণের ৮৪ শতাংশ, দেশের অভ্যন্তরে সংরক্ষিত ছিল। বাকি ১৪০.৩৯ মেট্রিক টন ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এবং ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস-এর কাছে রয়েছে।
হিসাব বলছে, রিজার্ভ ব্যাঙ্ক ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ৬০ টনেরও বেশি সোনা দেশে ফিরিয়ে এনেছে। এই সোনা ফিরিয়ে আনার পেছনে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক ঝুঁকিকে কারণ হিসেবে মনে করা হচ্ছে। ভারত গত দুই বছর ধরেই সোনা ফিরিয়ে আনছে।
RBI সোনা কোথায় রাখে?
সরকারি তথ্য অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) তার গোল্ডের রিজার্ভ মুম্বই এবং নাগপুরের অত্যন্ত সুরক্ষিত ভল্টে সংরক্ষণ করে। সেপ্টেম্বর পর্যন্ত হিসেব বলছে, RBI-এর মোট ৮৮০.৫২ টন সোনার মজুদের মধ্যে ৭৪০.১৩ টন (প্রায় ৮৪%) ভারতে এবং ১৪০.৩৯ টন বিদেশে রাখা আছে।