২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের ফিউচার্সও ৯৭৯ টাকা কমেছে।Gold Silver Price: কমছে সোনা, রুপোর দর। শুক্রবার, সপ্তাহের শেষ দিনে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) দুই দামি ধাতুরই দাম কমেছে। তবে নজর কেড়েছে রুপো। বাজার খোলার পরই কেজি প্রতি এক ধাক্কায় হাজার টাকারও বেশি কমে গেল রুপোর ফিউচার্সের রেট। কমেছে ২৪ ক্যারেট সোনার ফিউচার্সও। ফলে যাঁরা সোনা বা রুপো কেনার প্ল্যান করছেন, তাঁরা এই খবর অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। এদিন বাজার খুলতেই MCX এ রুপোর সেপ্টেম্বর ডেলিভারির ফিউচার্সের দাম পড়ে যায়। আগের দিন বাজার ক্লোজ হওয়ার সময় প্রতি কেজি রুপোর দাম ছিল ২,১৯,৯৬৭ টাকা। কিন্তু নতুন দিনের শুরুতেই তা নেমে আসে ২,১৮,৫৩৮ টাকায়। অর্থাৎ এক ধাক্কায় কেজি প্রতি ১,৪২৯ টাকা কমে যায়।
অবশ্য শুধু এই একদিনেই এত কমেছে, তা কিন্তু নয়। জুলাই মাসজুড়েই রুপোর দাম একটু একটু করে কমেছে। মাসের শুরুতে, অর্থাৎ ১ জুলাই কেজি প্রতি রুপোর ফিউচার্সের দাম ছিল ২,৩০,৩৮৪ টাকা। মাসের শেষ দিনে সেই দাম নেমে এসেছে ২,১৮,৫৩৮ টাকায়। ফলে মাত্র এক মাসেই রুপোর দাম প্রায় ১১,৮৪৬ টাকা কমেছে।
আরও একটি বিষয় নজরে এসেছে বাজার বিশ্লেষকদের। চলতি বছরের ২৯ জানুয়ারি রুপো সর্বকালের সর্বোচ্চ রেটে পৌঁছেছিল। সে সময় কেজি প্রতি দাম ছিল ৪,২০,০৪৮ টাকা। বর্তমান দামের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, সেই হায়েস্ট লেভেল থেকে রুপোর দাম প্রায় ২,০১,৫১০ টাকা পর্যন্ত কমে গিয়েছে। ফলে সে সময় যাঁরা কিনেছিলেন, তাঁদের বেশ ভালই লস হয়েছে।
অন্যদিকে, রুপোর পাশাপাশি শুক্রবার সোনার দামও কমে গিয়েছে। MCX-এ গতকাল ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের ফিউচার্স ছিল ১,৪৩,২৩২ টাকা। শুক্রবার বাজার খুলতেই তা কমে দাঁড়ায় ১,৪২,২৫৩ টাকা। অর্থাৎ মাত্র এক দিনেই ১০ গ্রাম সোনার দাম ৯৭৯ টাকা কমে গিয়েছে।
সোনার ক্ষেত্রেও একই ব্য়াপার। চলতি বছর ২৯ জানুয়ারি MCX-এ প্রথমবার ১০ গ্রাম সোনার দাম ২ লক্ষ টাকার গণ্ডি পেরিয়েছিল। কিন্তু তারপর থেকেই মার্কেট কারেকশন শুরু হয়। বর্তমানে সেই হায়েস্ট দামের তুলনায় ১০ গ্রাম সোনার দাম প্রায় ৬০ হাজার টাকা কমে গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের পরিস্থিতি, সুদের হার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির উপর সোনা ও রুপোর দাম নির্ভর করে। তাই লং টার্মে সোনা বা রুপোয় বিনিয়োগের বাজার কোনদিকে এগোচ্ছে, তা বোঝা প্রয়োজন।
তবে মনে রাখবেন, ফিউচার্স বাজারের দাম এবং দোকানের গয়নার দাম এক নাও হতে পারে। কারণ, দোকানে এর সঙ্গে জিএসটি, মেকিং চার্জ এবং অন্যান্য খরচ যোগ হয়।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।