অ্যামজন ও ফ্লিপকার্ট সেলে প্রাইস চেক করুন এভাবেঅ্যামাজনে শুরু হয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। ও দিকে পিছিয়ে নেই ফ্লিপকার্টও। সেখানে চলছে বিগ বিলিয়ন ডেজ সেল। এই দুই সেলে বহু জিনিসে বিরাট ডিসকাউন্ট মিলছে। কোথাও বলা হচ্ছে ৭০ শতাংশ ডিসকাউন্ট। কোথাও আবার ৮০ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে প্রোডাক্ট। কিন্তু এই সব ডিসকাউন্ট কি আদৌ সত্যি? এই ডিসকাউন্টের পর কি দাম আগের থেকে কমেছে? আর সেই তথ্যটা সবার প্রথমে জানতে হবে। নইলে অহেতুক ঠকবেন।
অ্যামাজনে রয়েছে একটি বিশেষ ফিচার
আপনি কি অ্যামাজন থেকে কোনও জিনিস কিনতে চান? আপনার পছন্দের প্রোডাক্টে প্রচুর টাকা ডিসকাউন্ট দেখাচ্ছে? কিন্তু সেই ডিসকাউন্টের ফলে কি আদৌ দাম কমেছে? আর এই বিষয়টা আপনি অ্যামাজনে বসেই জানতে পারবেন। অ্যামাজনে রয়েছে একটি বিশেষ ফিচার। যার মাধ্যমে ওই নির্দিষ্ট প্রোডাক্টের দাম কখন, কেমন ছিল, সেটা জানতে পারবেন। তারপর যদি ডিল ভাল লাগে, তাহলে কিনবেন। নইলে কিনবেন না।
প্রাইস হিস্ট্রি ফিচার
এখন অ্যামাজন ইন্ডিয়ার অ্যাপ এবং পোর্টালে রয়েছে প্রাইস হিস্ট্রি নামক একটি ফিচার। কোনও পণ্য কেনার আগে প্রাইস হিস্ট্রি ট্যাবে ক্লিক করুন। তাহলেই সেই প্রোডাক্ট আগে কী দামে বিক্রি হয়েছে, সেটা জানতে পারবেন। শুধু তাই নয়, প্রাইস হিস্ট্রিতে ক্লিক করলে একটি গ্রাফ খুলে যাবে। সেখানে পুরনো দাম এবং বর্তমান দাম দেখানো হবে। গ্রাফটিতে এক মাস, তিন মাস এবং এক বছরের তথ্য পাওয়া যেতে পারে।
ফ্লিপকার্টে কী করবেন?
ফ্লিপকার্টে এখনও অবশ্য প্রাইস ট্র্যাকারের ফিচার নেই। তবে চিন্তা করবেন না। এই সমস্যারও সহজ সমাধান রয়েছে। এক্ষেত্রে বেশ কিছু প্ল্যাটফর্ম থেকে ডিসকাউন্ট চেক করে নিতে পারবেন।
PriceHistory.app: এই প্ল্যাটফর্মে গিয়ে ফ্লিপকার্টের প্রোডাক্টটির লিঙ্ক পেস্ট করুন। তাহলেই দেখতে পারবেন গত ১ মাস, ৩ মাস বা ১ বছরে প্রোডাক্টির দাম কী ছিল। এক্ষেত্রে সর্বনিম্ন এবং গড় দাম জানতে পারবেন।
BuyHatke: এটি একটি অত্যন্ত জনপ্রিয় ব্রাউজার এক্সটেনশন এবং অ্যাপ। অনলাইনে থেকে কেনাকাটার সময় এই ক্রোম এক্সটেনশন ব্যবহার করলে ফ্লিপকার্টের প্রোডাক্ট পেজের নীচেই একটি গ্রাফ দেখা যায়। এটি দেখে এক নজরেই আসল বনাম ভুয়ো ডিসকাউন্ট চিনে ফেলতে পারবেন
এছাড়া PriceBefore বা SpendMitra এর মতো সাইটগুলোতেও ভিজিট করতে পারেন। এই দুই সাইটেও দামের তারতম্য দেখা যায়।