Flex Fuel: পুরনো Splendor, HF Deluxe এর মতো বাইক অচল হয়ে যাবে? যা জানা জরুরি

Hero নতুন ফ্লেক্স-ফুয়েল Splendor+ ও HF Deluxe আনলেও পুরনো বাইকের জন্য রেট্রোফিট কিটও আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। E85 জ্বালানি এখনও সেভাবে সব জায়গায় আসেনি। তাই আপাতত পুরনো বাইক বদলানোর প্রয়োজন নেই।

Advertisement
পুরনো Splendor, HF Deluxe এর মতো বাইক অচল হয়ে যাবে? যা জানা জরুরিদেশের রাস্তায় চলা কোটি কোটি পুরনো Hero মোটরসাইকেলের কী হবে?
হাইলাইটস
  • লক্ষ্য ভারতে ইথানল-বেসড জ্বালানির ব্যবহার বাড়ানো।
  • বড় পদক্ষেপ করল Hero MotoCorp।
  • জনপ্রিয় Splendor+ এবং HF Deluxe-এর ফ্লেক্স-ফুয়েল ভার্সান এনেছে বাজারে।

লক্ষ্য ভারতে ইথানল-বেসড জ্বালানির ব্যবহার বাড়ানো। বড় পদক্ষেপ করল Hero MotoCorp। সম্প্রতি সংস্থা তাদের জনপ্রিয় Splendor+ এবং HF Deluxe-এর ফ্লেক্স-ফুয়েল ভার্সান এনেছে বাজারে। কিন্তু নতুন মডেল অ্যানাউন্সের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দেশের রাস্তায় চলা কোটি কোটি পুরনো Hero মোটরসাইকেলের কী হবে?

এই প্রশ্নেরই উত্তর দিয়েছে সংস্থা। Hero জানিয়েছে, প্রয়োজন হলে পুরনো মোটরসাইকেলের জন্য রেট্রোফিট কিট আনা হতে পারে। অর্থাৎ, নতুন বাইক না কিনেও পুরনো মডেলগুলিকে উন্নত করে ভবিষ্যতের উচ্চ ইথানল-সমৃদ্ধ জ্বালানির উপযোগী করে তোলা সম্ভব হতে পারে।

রেট্রোফিট কিট কী?
পেট্রলের তুলনায় ইথানলের রাসায়নিক বৈশিষ্ট্য আলাদা। ফলে E85-এর মতো উচ্চ ইথানলযুক্ত জ্বালানি ব্যবহারের জন্য বাইকের একাধিক অংশে পরিবর্তন প্রয়োজন হয়। নতুন ফ্লেক্স-ফুয়েল Splendor+ এবং HF Deluxe-এ উন্নত ফুয়েল সিস্টেম, বিশেষ ফুয়েল পাম্প, অতিরিক্ত ফিল্টার এবং নতুন ECU ক্যালিব্রেশন ব্যবহার করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইথানল পেট্রলের তুলনায় বেশি আর্দ্রতা শোষণ করে এবং কিছু ক্ষেত্রে বেশি ক্ষয়কারীও হতে পারে। তাই উপযুক্ত প্রযুক্তিগত পরিবর্তন ছাড়া দীর্ঘমেয়াদে উচ্চ ইথানলযুক্ত জ্বালানি ব্যবহার করলে বাইকের কর্মক্ষমতা ও স্থায়িত্বে প্রভাব পড়তে পারে।

E20 বাইকে E85 ভরলে কী হতে পারে?
বর্তমানে ভারতে বিক্রি হওয়া অধিকাংশ মোটরসাইকেল E20 জ্বালানির উপযোগী। অর্থাৎ, সেই জ্বালানিতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ইথানল মেশানো থাকতে পারে।

কিন্তু E20-উপযোগী বাইকে সরাসরি E85 জ্বালানি ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন না বিশেষজ্ঞরা। কারণ, সেই বাইকের ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, ফুয়েল লাইন, ইনজেক্টর এবং বিভিন্ন উপাদান এত বেশি ইথানল ব্যবহারের জন্য তৈরি নয়।

ফলে স্বল্পমেয়াদে স্টার্টিং সমস্যা, ইঞ্জিনের অস্বাভাবিক চলন বা পারফরম্যান্সে ঘাটতি দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে ফুয়েল সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

E85 জ্বালানি এখনও বড় চ্যালেঞ্জ
যদিও নতুন Hero ফ্লেক্স-ফুয়েল বাইক E85 জ্বালানিতে চলতে সক্ষম, কিন্তু ভারতের বাজারে এই জ্বালানির প্রাপ্যতা এখনও সীমিত।

Advertisement

কেন্দ্র সরকার ইথানল উৎপাদন এবং ব্লেন্ডিং কর্মসূচিতে জোর দিলেও E85 সরবরাহের পরিকাঠামো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেই কারণেই নতুন ফ্লেক্স-ফুয়েল Splendor+ এবং HF Deluxe প্রথমে দিল্লি ও মহারাষ্ট্রের কিছু নির্দিষ্ট এলাকায় বিক্রি করা হচ্ছে।

মাইলেজ কমতে পারে, তবে খরচ বাড়বেই এমন নয়
ইথানলের শক্তি ঘনত্ব পেট্রলের তুলনায় কম। ফলে E85 ব্যবহারের ক্ষেত্রে নতুন ফ্লেক্স-ফুয়েল বাইকগুলির মাইলেজ প্রায় ২০ শতাংশ পর্যন্ত কম হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে এর অর্থ এই নয় যে চালানোর খরচ বাড়বেই। যদি E85-এর দাম পেট্রলের তুলনায় উল্লেখযোগ্য ভাবে কম রাখা হয়, তা হলে অতিরিক্ত জ্বালানি খরচের প্রভাব অনেকটাই সামাল দেওয়া সম্ভব হতে পারে। শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে সরকারি নীতি, কর কাঠামো এবং বাজারদরের উপর।

এখনই কি নতুন ফ্লেক্স-ফুয়েল বাইক কেনা প্রয়োজন?
Hero স্পষ্ট করেছে, নতুন ফ্লেক্স-ফুয়েল মডেলের পাশাপাশি E20-সমর্থিত Splendor+ এবং HF Deluxe-ও বিক্রি চলবে। ফলে বর্তমানে যাঁদের বাইক রয়েছে বা যাঁরা নতুন বাইক কিনতে চান, তাঁদের জন্য ফ্লেক্স-ফুয়েল মডেল আপাতত ভবিষ্যতের প্রস্তুতি হিসাবেই বিবেচিত হতে পারে।

কারণ E85 জ্বালানি এখনও সর্বত্র সহজলভ্য নয়। তাই অবিলম্বে পুরনো বাইক বদলানোর প্রয়োজন নেই বলেই মনে করছেন অটো বিশেষজ্ঞরা।

POST A COMMENT
Advertisement