2026 Honda Rebel 300: নতুন মডেল আনছে হোন্ডা।Honda Rebel 300: ক্রুজ়ার বাইকের বাজারে আজও Royal Enfield-এরই দাপট সবচেয়ে বেশি। Jawa ও Yezdi-র মতো ব্র্যান্ড এলেও রয়্যাল এনফিল্ডের থেকে বিক্রিতে অনেকটাই পিছিয়ে। সেই বাজারেই এবার নতুন বাইক আনছে Honda। ভারতে আসছে Honda Rebel 300। ববার স্টাইলের বাইক। ভারতেই তৈরি হবে। ফলে দামও তুলনামূলকভাবে কমই থাকবে। Royal Enfield Goan Classic 350-র অল্টারনেট অপশন হিসেবে এই বাইক দেখা যেতে পারে।
Honda Rebel 300-র দাম কত?
Honda Rebel 300-র স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম ২.২২ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। অন্য দিকে E-Clutch-সহ ভ্যারিয়েন্টের দাম বেড়ে ২.৬২ লক্ষ টাকা (বেঙ্গালুরু এক্স-শোরুম)।
ভারতের মাটিতেই এই বাইক তৈরি হচ্ছে। ফলে আমদানি করা মডেলের তুলনায় দাম কম থাকবে। Honda BigWing ডিলারশিপের মাধ্যমে বাইকটি পাওয়া যাবে।
দামের দিক থেকে দেখলে Royal Enfield Goan Classic 350-এর সঙ্গে সরাসরি লড়াইয়ে নামছে Honda-র নতুন এই ক্রুজ়ার। Goan Classic 350-এর দাম ২.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
286 cc ইঞ্জিন, ৩০ HP শক্তি
Honda Rebel 300-এ রয়েছে ২৮৬ সিসি সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৩০ HP শক্তি এবং ২৭.৫ Nm টর্ক পাওয়া যায়। ইঞ্জিনের সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।
স্ট্যান্ডার্ড এবং E-Clutch; দুই ভ্যারিয়েন্টেই একই গিয়ারবক্স দেওয়া হয়েছে। ফলে পারফরম্যান্সের পাশাপাশি শহরের রাস্তায় সহজে চালানোর দিকেও নজর দিয়েছে Honda।
E-Clutch কী?
Honda Rebel 300-এর সবচেয়ে বড় প্লাসপয়েন্ট নিঃসন্দেহে E-Clutch। এই প্রযুক্তিতে ইলেকট্রনিক অ্যাকচুয়েটর ব্যবহার করে ক্লাচ নিয়ন্ত্রণ করা হয়। ফলে চালককে প্রত্যেক বার গিয়ার পরিবর্তনের সময় হাতে ক্লাচ টানতে হবে না।
বিশেষ করে কলকাতা বা অন্য বড় শহরের যানজটে এই ফিচার বেশ কাজে আসতে পারে। কারণ সিগন্যাল, ধীর গতির ট্রাফিক এবং বার বার থামা-চলার সময় ক্লাচ নিয়ে বেশি পরিশ্রম করতে হয়।
তবে চাইলে ম্যানুয়াল ক্লাচও ব্যবহার করা যাবে। অর্থাৎ রাইডার নিজের প্রয়োজন অনুযায়ী E-Clutch এবং ম্যানুয়াল ক্লাচের মধ্যে ব্যবহার পদ্ধতি বেছে নিতে পারবেন।
ববার লুক, মডার্ন ফিচার
দেখতে Honda Rebel 300 বেশ অ্যাগ্রেসিভ এবং মডার্ন। রয়েছে ববার স্টাইলের ডিজাইন, টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, গোল LED হেডল্যাম্প এবং দুই অংশের সিট। ছোট আকৃতির এক্সজ়স্টও বাইকের চেহারায় আলাদা স্পোর্টি ভাব এনেছে।
১৬ ইঞ্চির চাকা। সামনে ১৩০-সেকশন এবং পিছনে ১৫০-সেকশন টায়ার দেওয়া হয়েছে। ফলে বাইকের চেহারায় চওড়া ও ভারী উপস্থিতি তৈরি হয়েছে।
সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন শক অ্যাবজ়র্বার রয়েছে। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাচ্ছে সামনে ও পিছনের ডিস্ক ব্রেক। নিরাপত্তার জন্য মিলবে ডুয়াল-চ্যানেল ABS।
TFT ডিসপ্লে, নেভিগেশন
শুধু ডিজাইন নয়, টেকনোলজির দিক থেকেও Honda Rebel 300-কে আধুনিক রাখা হয়েছে। বাইকে রয়েছে TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এর সঙ্গে Honda RoadSync কানেক্টিভিটিও রয়েছে।
সব মিলিয়ে, পাওয়ারফুল ইঞ্জিন, ববার ডিজাইন, আধুনিক কানেক্টিভিটি এবং বিশেষ করে E-Clutch প্রযুক্তির কারণে Honda Rebel 300 ক্রুজ়ার বাইকের বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে। Royal Enfield, Jawa এবং Yezdi-র মতো ব্র্যান্ডের সঙ্গে কম্পিটিশনে এই বাইক কেমন বিক্রি হয়, এখন সেটাই দেখার।