মাসের শেষে বেতন হাতে আসার আগেই কি টাকা শেষ হয়ে যায়? ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান, কিন্তু কত টাকা জমাবেন বুঝতে পারছেন না? অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে, আয়ের অন্তত ২০ শতাংশ সঞ্চয় করা উচিত। তবে শুধু টাকা জমালেই হবে না। খরচের সঠিক ভাগ করাও জরুরি। এ ক্ষেত্রে কাজে আসতে পারে ৫০-৩০-২০ নিয়ম।
৫০-৩০-২০ নিয়ম
এই নিয়মকে জনপ্রিয় করেছিলেন অর্থনীতিবিদ এলিজাবেথ ওয়ারেন এবং তাঁর কন্যা অ্যামেলিয়া ওয়ারেন টিয়াগি। তাঁদের পরামর্শ অনুযায়ী, কর ও অন্যান্য বাধ্যতামূলক কাটছাঁটের পর হাতে পাওয়া আয়ের ৫০ শতাংশ খরচ করতে হবে প্রয়োজনীয় কাজে। ৩০ শতাংশ রাখা যেতে পারে শখ ও বিলাসিতার জন্য। বাকি ২০ শতাংশ জমাতে হবে ভবিষ্যতের জন্য।
ধরা যাক, মাসে আপনার হাতে আসে ৫০ হাজার টাকা। সে ক্ষেত্রে ২৫ হাজার টাকা খরচ করতে পারেন বাড়িভাড়া, বাজার, বিদ্যুৎ, যাতায়াত ও অন্যান্য জরুরি কাজে। ১৫ হাজার টাকা রাখতে পারেন কেনাকাটা, সিনেমা, বাইরে খাওয়া বা বিনোদনের জন্য। বাকি ১০ হাজার টাকা যাবে সঞ্চয় ও বিনিয়োগে।
সঞ্চয়ের টাকা কোথায় রাখবেন?
প্রথমেই তৈরি করুন জরুরি তহবিল। চাকরি হারানো বা হঠাৎ চিকিৎসার খরচ সামলাতে অন্তত তিন থেকে ছয় মাসের প্রয়োজনীয় খরচের সমান টাকা সহজে তোলা যায় এমন জায়গায় রাখুন। তার পর দীর্ঘমেয়াদি লক্ষ্য অনুযায়ী বিনিয়োগের পরিকল্পনা করুন। অবসরকালীন সঞ্চয়, সন্তানের পড়াশোনা বা বাড়ি কেনার লক্ষ্য আলাদা করে ঠিক করতে পারেন।
সবার জন্য কি একই নিয়ম?
বিশেষজ্ঞদের মতে, ৫০-৩০-২০ নিয়ম কোনও বাIধাধরা নিয়ম নয়। কলকাতার মতো শহরে বাড়িভাড়া, সংসার ও ঋণের কিস্তি মেটাতে অনেকের আয়ের ৫০ শতাংশের বেশি খরচ হয়ে যায়। সে ক্ষেত্রে শখের খরচ কমিয়ে ৬০-২৫-১৫ নিয়মও ফলো করা যেতে পারে।