প্রতীকী ছবি এপ্রিল মাস পড়তে না পড়তেই আবহাওয়ার মেজাজ গরম! ক্রমশই ঊর্ধ্বমুখী তাপমাত্রা। খটখটে রোদ আর গলদঘর্ম হওয়ার দিন আসন্ন। অনেকের বাড়িতেই AC-র চালানোর সময় বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। গরম যত বাড়বে ঘণ্টার পর ঘণ্টা AC চালানোর প্রবণতাও বাড়বে। আর তখনই মাথায় হাত পড়বে মধ্যবিত্তের। সারাদিন AC চালিয়েও কি বিদ্যুতের বিল কম করা সম্ভব? প্রশ্ন সকলেরই।
কিছু সহজ ও বাস্তবসম্মত উপায় মেনে চললে গরমের মধ্যেও বিদ্যুতের বিল কমানো সম্ভব। খরচ কমানোর পাশাপাশি এই টেকনিকগুলি বিদ্যুতের অপচয়ও কমাবে।
> প্রচণ্ড গরমের সময়ে অনেকেই AC-র তাপমাত্রা ১৮ কিংবা ১৬ ডিগ্রি সেলসিয়াসেও নামিয়ে দেন। বিশেষজ্ঞরা বলছেন, ২৪-২৬ ডিগ্রির মধ্যে রাখাই উপযুক্ত। এক ডিগ্রি তাপমাত্রার হেরফেরেই প্রায় ৬ শতংশ পর্যন্ত বিদ্যুৎ অপচয় হতে পারে। ফলে বুদ্ধি করে AC-র তাপমাত্রা রাখলে বিদ্যুৎ সাশ্রয় করা যায়।
> AC চালালো সিলিং ফ্যান না চালানোই ভাল। আর একান্ত চালাতে হলে তার স্পিড কমিয়ে দেওয়া উচিত। এতে মাঝারি তাপমাত্রাতেও ঘর ঠান্ডা থাকে এবং AC-র উপর চাপ কম পড়ে।
> পরিষ্কার রাখতে হবে AC-র এয়ার ফিল্টার। অন্তত ১৫ দিন অন্তর ফিল্টার পরিষ্কার করা উচিত। ফিল্টার ময়লা থাকলে মোটরের উপর অতিরিক্ত চাপ পড়ে।
> বিদ্যুতের ব্যবহার কমাতে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখার চেষ্টা করা যেতে পারে। দুপুরবেলা সরাসরি রোদের তেজ রয়েছে এমন ঘরে ঢুকলে তাপমাত্রা বেড়ে যায়। তাই পর্দা টেনে রাখুন, এতে ঘরের তাপ অনেকটাই কম থাকে। বিশেষ করে দুপুর ১টা থকে বিকেল ৫টা পর্যন্ত ভারী এবং গাঢ় রঙের পর্দা টেনে রাখা উচিত ঘরে। আবার সন্ধ্যার পরে জানলা খুলে দিলে বাইরের থেকে ঠান্ডা বাতাস ঢুকতে পারে।
> যারা উপরের ফ্লোরে থাকেন তাদের ক্ষেত্রে সাদা রিফ্লেক্টর রং লাগালে ঘরের তাপমাত্রা কিছুটা কমে।
> অনেক সময় টিভি, ল্যাপটপ চার্জার বন্ধ থাকলেও স্ট্যান্ডবাই মোডে চলে যায়। এতে বিদ্যুৎ অপচয় হয়। তাই ব্যবহার না হলে এই ধরনের ইলেকট্রনিক যন্ত্রের প্লাগ খুলে রাখা বা সম্পূর্ণ বন্ধ করে দেওয়াই ভাল।
> দাম একটু বেশি হলেও সর্বদা ৫ স্টার AC বাড়িতে লাগানো উচিত। অনেকেই টাকা বাঁচাতে ৩ স্টার AC কিনে ফেলেন। কিন্তু এতে প্রতি মাসে বিদ্যুতের বিলটা সাধ্যের বাইরে বেরিয়ে যায়।
> AC-র আউটডোর ইউনিট চড়া রোদের মধ্যে রাখা উচিত নয়। গ্রীষ্মের প্রখর রোদে কম্প্রেসারকে স্বাভাবিকের থেকে বেশি সময় ধরে চলতে হয়। সেক্ষেত্রে বিদ্যুতের বিল বেশি আসার সম্ভাবনা থাকে।
> AC চালানোর সময়ে দরজা-জানলা সম্পূর্ণ বন্ধ রাখুন। প্রয়োজনে মোটা করে সিল করিয়ে নিন।
> ঘরে AC চালানোর সময়ে সমস্ত ইলেকট্রনিক যন্ত্র বন্ধ রাখারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অর্থাৎ টিভি, ফ্রিজ, কুলার ইত্যাদি। এতে বিদ্যুতের খরচ কমে।