ছবি সৌজন্যে - AIপূর্ব রেলের যাত্রীদের জন্য দারুণ সুখবর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার জন্য আগামী ২৭ জুলাই থেকেই এই প্ল্যাটফর্মটি খুলে দেওয়া হচ্ছে। যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে প্রচারিত ঘোষণা মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ, যাতে প্ল্যাটফর্ম সংক্রান্ত বিভ্রান্তি এড়ানো যায়।
নতুন প্ল্য়াটফর্ম চালুর ফলে যাত্রীরা কী কী সুবিধা পাবেন?
পূর্ব রেলের তরফে বলা হয়েছে, নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু হলে ট্রেন চলাচল আরও মসৃণ হবে এবং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট উন্নত হবে, ভিড় কমবে এবং ট্রেন হাওড়ায় কোন কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে, সেক্ষেত্রে আরও একটি অপশন পাওয়া যাবে। প্ল্যাটফর্মে ঢোকা ও বেরোনোর রাস্তা আরও প্রশস্ত হবে। সঠিক সময়ে ট্রেন হাওড়া থেকে ছাড়বে এবং স্টেশনে ট্রেন ঢোকানোর ক্ষেত্রেও দেরি হবে না। পাশাপাশি যাত্রীদের জন্য় ভিড়, ধাক্কাধাক্কি কমে যাবে।
রেলের এই পদক্ষেপের ফলে হাওড়া স্টেশনে ট্রেন পরিচালনা আরও সুষ্ঠু হবে বলে আশা করা হচ্ছে। নতুন প্ল্যাটফর্ম চালু হওয়ায় যাত্রীদের ওঠানামার সুবিধা বাড়বে এবং ব্যস্ত সময়ে বাকি প্ল্যাটফর্মের উপর চাপও কিছুটা কমবে বলে মনে করছে পূর্ব রেল।
২৪ নম্বর প্ল্যাটফর্ম সম্পর্কে জানুন
চলতি মাসের শুরুতে হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, ৬৩৫ মিটার লম্বা এই নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মটি ২.৬৯ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। হাওড়া স্টেশনে ট্রেন চলাচলের ক্ষেত্রে যে দেরিতে চলার সমস্যা রয়েছে, তার সমাধান করতে পারে এই ২৪ নম্বর প্ল্যাটফর্ম। দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব রেলের লাইন সংযোগস্থলে জংশন পয়েন্টের কারণেই মূলত ট্রেন চলাচলে দেরি হয়,তাই এই অংশের পৃথকীকরণের কাজ চললে এই সমস্যা মিটে যাবে।