কলকাতা বন্দর থেকে প্রথমবার নেপালে পৌঁছল পণ্যবাহী ট্রেন, কমবে খরচ, সময়ও লাগবে কম

Indian Railways: কলকাতা বন্দর থেকে সরাসরি নেপাল পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালাল ভারতীয় রেল। এর ফলে ভারত-নেপাল রেলপথে পণ্য পরিবহনে এক নতুন যুগের সূচনা হল।

Advertisement
কলকাতা বন্দর থেকে প্রথমবার নেপালে পৌঁছল পণ্যবাহী ট্রেন, কমবে খরচ, সময়ও লাগবে কমকলকাতা বন্দর থেকে প্রথমবার নেপালে পৌঁছল পণ্যবাহী ট্রেন
হাইলাইটস
  • প্রথমবার কলকাতা বন্দর থেকে নেপালের বিরাটনগর কাস্টমস ইয়ার্ড পর্যন্ত সরাসরি চলল ট্রেন।
  • মঙ্গলবার এই ট্রেন চালানোর কৃতিত্ব অর্জন করেছে ভারতীয় রেল।
  • নতুন ব্যবস্থার ফলে সীমান্তে পণ্য নামিয়ে আবার অন্য ট্রেনে তোলার প্রয়োজন হবে না।

প্রথমবার কলকাতা বন্দর থেকে নেপালের বিরাটনগর কাস্টমস ইয়ার্ড পর্যন্ত সরাসরি চলল পণ্যবাহী ট্রেন। মঙ্গলবার এই ট্রেন চালানোর কৃতিত্ব অর্জন করেছে ভারতীয় রেল (Indian Railways)। রেল মন্ত্রকের দাবি, এই উদ্যোগ ভারত-নেপাল সীমান্ত পেরিয়ে রেলপথে পণ্য পরিবহণে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

রেল মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৪০টি ওয়াগনের ওই মালগাড়িতে ক্যানোলা (Canola) পণ্যবাহী কনটেনার ছিল। সংশোধিত ভারত-নেপাল রেল ট্রানজিট প্রোটোকলের আওতায় ট্রেনটি সফলভাবে বিরাটনগরে পৌঁছেছে।

এর ফলে কী লাভ হবে?

এই নতুন ব্যবস্থার ফলে সীমান্তে পণ্য নামিয়ে আবার অন্য ট্রেনে তোলার প্রয়োজন হবে না। কলকাতা বন্দর থেকে সরাসরি রেলপথে কনটেনারবাহী মাল নেপালের বিরাটনগরে পৌঁছে যাবে। এর ফলে পরিবহণের সময়, লজিস্টিক খরচ এবং পণ্য ওঠানো-নামানোর ঝামেলা ও তার খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। একই সঙ্গে ভারত-নেপাল সীমান্ত বাণিজ্য আরও দ্রুত, নির্ভরযোগ্য এবং প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা হচ্ছে।

রেল মন্ত্রক জানিয়েছে, সংশোধিত ভারত-নেপাল রেল ট্রানজিট প্রোটোকল কার্যকর হওয়ায় দুই দেশের মধ্যে শেষ সীমানা পর্যন্ত পণ্য পরিবহন করা সম্ভব হবে। রেল মন্ত্রকের মতে, এই পরিষেবার ফলে আমদানি-রফতানির পণ্য পরিবহণ আরও দ্রুত, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব হবে। পাশাপাশি একাধিক ধাপে পণ্য স্থানান্তরের প্রয়োজন কমায় সরবরাহ ব্যবস্থাও আরও দক্ষ হবে। এর সুফল পাবেন রফতানিকারক, আমদানিকারক, লজিস্টিক সংস্থা এবং সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্প।

রেল আধিকারিকদের মতে, এই সাফল্য আন্তর্জাতিক রেল সংযোগ সম্প্রসারণ, মালবাহী পরিবহণ ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক পরিবহণ পরিকাঠামোর মাধ্যমে ব্যবসা সহজ করার কেন্দ্রীয় সরকারের লক্ষ্যপূরণে ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
 

 

POST A COMMENT
Advertisement