আপগ্রেড করা হল ভগবানগোলা স্টেশনকে (ছবি সৌজন্যে - পূর্ব রেল))যাত্রীদের সুবিধা বৃদ্ধি ও টাইমে ট্রেন চালাতে বড় পদক্ষেপ নিল শিয়ালদা ডিভিশন। ভগবানগোলা স্টেশনে দীর্ঘদিন ধরে হওয়া একটি সমস্যার সফল সমাধান করল পূর্ব রেল। পাশাপাশি, শিয়ালদা–বহরমপুর সেকশনের বিভিন্ন স্টেশনে যাত্রী পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ কাজও করা হচ্ছে বলে জানাল শিয়ালদা ডিভিশন।
কী সমস্যা ছিল?
দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মের পর্যাপ্ত দৈর্ঘ্য না থাকায় লালগোলা অভিমুখী এক্সপ্রেস ট্রেনগুলিকে ভগবানগোলা স্টেশনে একই প্ল্যাটফর্মে দু’বার দাঁড়াতে হতো। 13103 শিয়ালদা (18:20)–লালগোলা (22:40) ভাগীরথী এক্সপ্রেস ভগবানগোলা স্টেশনে 22:07–22:08 এবং 13113 কলকাতা (06:50)–লালগোলা (11:50) হাজারদুয়ারি এক্সপ্রেস 10:29–10:30 পর্যন্ত দাঁড়াত। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকায় সম্পূর্ণ ট্রেনকে প্ল্যাটফর্মের আওতায় আনার জন্য দু'বার দাঁড়ানোর প্রয়োজন হতো। এর ফলে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি ট্রেনও দেরিতে পৌঁছাত।
এই সমস্যার সমাধানে ও ক্রমবর্ধমান যাত্রীসংখ্যার কথা মাথায় রেখে রেলের তরফে আপগ্রেড করা হল ভগবানগোলা স্টেশনকে। শিয়ালদা ডিভিশনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 350 মিটার থেকে বাড়িয়ে 385 মিটার করা হয়েছে। একইসঙ্গে প্ল্যাটফর্ম নম্বর 1 ও 2-এর সম্প্রসারণ এবং উচ্চতা বৃদ্ধির কাজ করা হয়েছে।
এছাড়াও, প্ল্যাটফর্ম শেড বসানোর কাজ বর্তমানে একেবারে শেষ পর্যায়ে রয়েছে। প্রতিদিনের ক্রমবর্ধমান যাত্রী ভিড় সামাল দিতে একটি নতুন বুকিং অফিস তৈরি করা হচ্ছে। এখানে থাকবে 3টি সাধারণ টিকিট কাউন্টার এবং 1টি বিশেষভাবে দিব্যাঙ্গজনদের জন্য নির্ধারিত কাউন্টার। যাত্রী পরিষেবার উন্নতি করতে তুন ও উন্নতমানের শৌচাগার ব্লকের নির্মাণকাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে রেল।
তবে শুধু ভগবানগোলা নয়, যাত্রী সুবিধার্থে বেলডাঙা স্টেশনকেও উন্নত করেছে রেল। যাত্রীদের প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষা দিতে প্ল্যাটফর্ম নম্বর 2 ও 3-এ যাত্রী শেড তৈরি করা হয়েছে। পাশাপাশি, প্ল্যাটফর্ম নম্বর 2 ও 3-এ নতুন বসার বেঞ্চ তৈরি ও একটি ফার্স্ট ক্লাস ওয়েটিংরুমের সংস্কার করা হয়েছে।