রেলের রিজার্ভেশন সিস্টেমভারতীয় রেলের রিজার্ভেশন সিস্টেম বিরাট আপগ্রেডের প্রস্তুতি। অগাস্ট মাস থেকে ধাপে ধাপে নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম চালু করা হবে। এই নতুন সিস্টেম চালু হলে ১৯৮৬ সাল থেকে ব্যবহৃত হয়ে আসা বর্তমান ব্যবস্থার পরিবর্তন হবে। দারুণ পরিষেবা পাবেন সাধারণ মানুষ। এমনকী টিকিট কাটার সময়ই জানা যাবে টিকিট ওয়েটিং লিস্ট থেকে কনফার্ম হওয়ার সম্ভাবনা কতটা।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হল ট্রেনের টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও উন্নত করা। এসবের মাধ্যমে যাত্রীদের আরও ভালো পরিষেবা প্রদান করাই হল প্রধান উদ্দেশ্য।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল ভবনে একটি বৈঠকে এই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি নির্দেশ দিয়েছেন যাতে এই আপগ্রেডেশনের সময় যাত্রীদের কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়। এই বৈঠকে রেল প্রতিমন্ত্রী ভি সোমান্না এবং রাভনীত সিং বিট্টুও উপস্থিত ছিলেন।
৪০ বছরের পুরনো ব্যবস্থার ইতি
প্রসঙ্গত, বর্তমান প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম ১৯৮৬ সালে চালু হয়েছিল। গত কয়েক দশকে এতে কিছু কিছু আপগ্রেড করা হয়েছিল। কিন্তু তাতে মূল কাঠামো অপরিবর্তিত ছিল। আর এই জায়গাতেই বদল আনছে ভারতীয় রেল। নতুন টিকিট বুকিং সিস্টেম আনতে চলেছে তারা।
নতুন সিস্টেমটি অত্যাধুনিক প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে। এটি অনলাইন টিকিট বুকিংয়ের বেড়ে চলা চাহিদা সামলাতে পারবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
আসলে ভারতীয় রেল ২০০২ সালে প্রথম ইন্টারনেটে টিকিট বুকিং পরিষেবা চালু করে। বর্তমানে অধিকাংশ যাত্রী রিজার্ভেশন কাউন্টারে না গিয়ে অনলাইনে টিকিট কাটতে পছন্দ করেন। রেলের তথ্য অনুযায়ী, এখন মোট টিকিট বুকিংয়ের প্রায় ৮৮ শতাংশই ডিজিটাল পদ্ধতিতে হয়। কিন্তু সেই কাজটা করতে গিয়েও একাধিক জটিলতায় পড়তে হয় তাদের।
রেলওয়ান অ্যাপের জনপ্রিয়তা
২০২৫ সালের জুলাই মাসে চালু হওয়া রেলওয়ান অ্যাপ এক বছরেরও কম সময়ে ৩.৫ কোটির বেশি ডাউনলোড করেছেন। এটা বহুল ব্যবহৃত একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা টিকিট বুকিং ও বাতিল করা, ট্রেনের লাইভ লোকেশন, প্ল্যাটফর্ম ও কোচ সংক্রান্ত তথ্য দেখা, অভিযোগ করা এবং অন্যান্য রেল পরিষেবা এক জায়গা থেকেই পেতে পারেন।
এআই প্রযুক্তিতে ওয়েটিং লিস্ট নিশ্চিত হওয়ার সম্ভাবনা জানা যাবে
নতুন ব্যবস্থার অন্যতম আকর্ষণীয় ফিচার হল AI। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেই এটা সহজেই জানিয়ে দেওয়া যাবে যে ওয়েটিং লিস্ট কনফার্ম হওয়ার সম্ভাবনা ঠিক কতটা।
রেলের তথ্য অনুযায়ী, এই ব্যবস্থায় ৯৪ শতাংশ ক্ষেত্রে শতাংশে নির্ভুলভাবে ওয়েটিং লিস্ট কনফার্মেশন নিয়ে ভবিষ্যদ্বাণী করা সম্ভব। এছাড়া এর মাধ্যমে আরও দ্রুত করা যাবে টিকিট বুকিং।