NJP যাওয়ার স্পেশাল ট্রেন দিল রেলগরম পড়তে না পড়তেই কলকাতাবাসীদের সুখবর শোনাল রেল। গ্রীষ্মকালে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে কলকাতা থেকে ডিব্রুগড় পর্যন্ত স্পেশাল ট্রেন দিল রেল। যাত্রাপথে ট্রেনটি NJP স্টেশনেও দাঁড়াবে। ফলে বিরাট সুবিধা হবে কলকাতা ও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।
রেলের তরফে জানানো হয়েছে, কলকাতা থেকে ট্রেনটি ডিব্রুগড়ের উদ্দেশে (০৫৯৩১) রওনা দেবে ৬, ১৩, ২০, ২৭ এপ্রিল। মে মাসে ট্রেনটি চলবে ৪, ১১, ১৮, ২৫ তারিখ। অন্যদিকে, জুন মাসে ১ তারিখ কলকাতা থেকে ছাড়বে এই ট্রেন। অর্থাৎ প্রতি সোমবার কলকাতা থেকে মোট ৯ দিন এই ট্রেনটি যাত্রা করবে।
ডিব্রুগড় থেকে ট্রেনটি কলকাতার উদ্দেশে চলবে ৪, ১১, ১৮, ২৫ এপ্রিল। মে মাসে ট্রেনটি চলবে ২, ৯, ১৬, ২৩ ও ৩০ তারিখে।
ট্রেনের টাইম টেবিল বুঝে নিন
ট্রেনটি প্রতি সোমবার মধ্যরাত ২.৩০-এ কলকাতা থেকে ছেড়ে ডিব্রুগড়ে পৌঁছবে পরের দিন সকাল সাড়ে ৬টায়। এটি NJP স্টেশনে দাঁড়াবে সোমবার দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে। যাত্রাপথে ট্রেনটি NJP স্টেশনে ১০ মিনিট দাঁড়াবে।
আবার ফিরতি পথে ট্রেনটি শনিবার বিকেল ৫টায় ডিব্রুগড় থেকে ছেড়ে NJP স্টেশনে পৌঁছবে রবিবার বেলা ১১টা ৫ মিনিটে। সেটি কলকাতা এসে পৌঁছবে রাত সাড়ে ১২টায়। ফেরার পথেও ট্রেনটি NJP স্টেশনে ১০ মিনিট দাঁড়াবে।
ট্রেনটি কোন স্টেশনে দাঁড়াবে?
ট্রেনটি যাত্রাপথে ব্যান্ডেল, আজিমগঞ্জ, মালদা টৈউন, নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়াও ধেমাজি, উত্তর লখিমপুর, হারমুটি জংশন, বিশ্বনাথ চারিআলি, রঙ্গাপাড়া নর্থ, উদালগুড়ি, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, আলুয়ারাবাড়ি রোড, কিষানগঞ্জ, বারসোই, নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোড, কাটোয়া, নবদ্বীপধাম এবং নৈহাটি জংশনেও দাঁড়াবে।
ট্রেনের কোচের গঠন বুঝে নিন
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেনে এসি–২ টিয়ার কোচ থাকবে ২টি, এসি–৩ টিয়ার কোচ দেওয়া হচ্ছে ৬টি, স্লিপার ক্লাস কোচ রয়েছে ৮টি, জেনারেল কোচ থাকবে ৪টি। অন্যদিকে, পাওয়ার কার থাকবে ১টি, এলএসএলআরডি কোচ থাকবে একটি।