১৫ অগাস্ট থেকে চলবে বুলেট ট্রেনদেশে বুলেট ট্রেন চালুর প্রস্তুতি চলছে পুরোদমে। প্রথম বুলেট ট্রেনটি চালু হতে পারে ২০২৭ সালের ১৫ অগাস্টে। সব ঠিক থাকলে মুম্বই-আহমেদাবাদ রুটেই চলবে এই বুলেট ট্রেন। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রকল্পের কাজের গতি নিয়ে একটি আপডেট শেয়ার করেছেন।
৫০৮ কিমি ট্র্যাকের লেটেস্ট আপডেট
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে (বর্তমানে এক্স) একটি পোস্টে জানিয়েছেন, ৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডোরটি এখন কাজ শেষ করার দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে। রেলমন্ত্রীর পোস্টে গুজরাতের নাভসারিতে বুলেট ট্রেন রুটে চলা কাজের একটি ভিডিও শেয়ার করেছেন। অশ্বিনী বৈষ্ণব লিখেছেন, ট্র্যাকের বিদ্যুতায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে, যা এই সামগ্রিক প্রকল্পের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।
কীভাবে এবং কী কাজ চলছে?
রেলমন্ত্রী তাঁর পোস্টে মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন করিডোরের কাজের কথা জানিয়েছেন, ১১২৫ কিলোমিটার জুড়ে চলছে লাইন বিছানোর কাজ। ট্র্যাকের ওপর বৈদ্যুতিক তারকে ধরে রাখার জন্য ২২,০০০ ওভারহেড হেড মাস্ট বসানোর কাজ চলছে। ওভারহেড ওয়্যার সিস্টেমের জন্য অপরিহার্য ২৫,৭০০ ক্যান্টিলিভার অ্যাসেম্বলি বুলেট ট্রেন করিডোরে লাগানো হচ্ছে।
বুলেট ট্রেনটি ঘণ্টায় ৩২০ কিমি গতিতে চলতে পারে
রেলের দেওয়া তথ্য অনুসারে বুলেট ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৩২০ কিমি। বর্তমানে,সর্বোচ্চ গতির ট্রেন ব্যবহার করে মুম্বই ও আহমেদাবাদের মধ্যে সফর করতে প্রায় ৬ ঘণ্টা সময় লাগে। বুলেট ট্রেন ব্যবহার করে এই ৬ ঘণ্টার রাস্তা মাত্র ২ ঘণ্টায় করা যাবে।
বুলেট ট্রেন ১২টি স্টেশনে থামবে
মুম্বাই ও আহমেদাবাদ বুলেট ট্রেন করিডোর সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই দ্রুতগতির রেলের জন্য ১২টি স্টপ নির্ধারণ করা হয়েছে। রিপোর্ট বলছে, বুলেট ট্রেন করিডোরটি মহারাষ্ট্র, গুজরাত এবং দাদরা ও নগর হাভেলির উপর দিয়ে যাবে। যে ১২টি মূল স্টেশনে থামার কথা আপাতত সেট করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মুমবাই (বিকেসি), থানে, ভিরার, বোইসার, ভাপি, বিলিমোরা, সুরাট, ভারুচ, ভাদোদরা, আনন্দ, আহমেদাবাদ এবং সবরমতি।