সোনা-রুপো কেনা ঠিক হবে?সোনা এবং রুপোর দামে অস্থিরতা বজায় রয়েছে। একদিন দাম বাড়ছে তো পরের দিনই ধপাস। আর এমন পরিস্থিতিতে অনেকেই চিন্তা করছেন যে এই দুই ধাতু এখন কেনা ঠিক হবে কি না! এখন কি দাম আরও পড়ে যেতে পারে, নাকি আবার রেকর্ড উচ্চতায় পৌঁছে যেতে পারে দাম? আর এই প্রশ্নের উত্তর জানতেই আমরা যোগাযোগ করেছিলাম দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এবং Manasi Research Foundation-এর চেয়ারম্যান মানসকুমার ঠাকুরের সঙ্গে। তিনিই আমাদের সব প্রশ্নের সব উত্তর দিলেন।
সোনা রুপোর দামে এতটা অস্থিরতা কেন?
উত্তরে মানসবাবু বলেন, '২৪ জানুয়ারি সোনা পৌঁছে গিয়েছিল রেকর্ড উচ্চতায়। ২৪ ক্যারেট সোনার দাম হয়েছিল ১,৮৩,০৫০ টাকা প্রতি ১০ গ্রাম। ওদিকে ১ কেজি রুপোর দাম ছুঁয়ে ফেলেছিল ৪ লক্ষ টাকা। আর সেখান থেকে দাম এখন অনেকটাই নেমেছে। আর সেই কারণেই সাধারণ মানুষের মনে হাজার প্রশ্ন উঠছে।'
পাশাপাশি সোনা এবং রুপোর দামে অস্থিরতা নিয়েও নিজের মত জানালেন তিনি। তাঁর দাবি, আসলে বিশ্বের সব বড় বড় কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা এবং রুপো মজুত করছে। সেই কারণে চাহিদা এবং জোগানের মধ্যে হচ্ছে প্রার্থক্য। যার ফলে দাম বাড়ছে সোনা এবং রুপোর।
এছাড়া গত এক বছরে শেয়ারবাজারের অবস্থা খারাপ। রিটার্ন একবারে নেই বললেই চলে। আর এমন পরিস্থিতিতেও অনেকে সোনা, রুপো কিনছেন। সেই কারণেও দামে অস্থিরতা দেখা যাচ্ছে বলে তিনি মনে করছেন।
এখন কি বিনিয়োগ করা উচিত?
মানসবাবুর উত্তর, 'সোনা এবং রুপোয় সবসময় বিনিয়োগ করা যায়। এই দুই ধাতু হল নিরাপদ বিনিয়োগের জায়গা। এর দাম বাড়তে বাধ্য। কমার আশঙ্কা খুব কম।'
লংটার্মে ভাবতে হবে
অনেকেই আজ টাকা লাগিয়ে কালই রিটার্নের আশা করছেন। এটা একবারেই কাজের কথা নয়। এই ভুল ধারণা নিয়ে সোনা এবং রুপোর দামে বিনিয়োগ করা যাবে না। বরং লংটার্মে ভাবতে হবে। অন্তত ৫ থেকে ১০ বছর বিনিয়োগ করলে লাভ মিলতে বাধ্য।
SIP করাই বুদ্ধিমানের কাজ
একবারে অনেকটা টাকা দিয়ে সোনা এবং রুপো কিনবেন না। বরং প্রতিমাসে অল্প অল্প করে কিনুন। SIP করুন। তাহলেই সমস্যার সহজ সমাধান করা যাবে।
সব টাকা এতে নয়
অনেকেই রিটার্নের লাভে সব টাকা সোনা, রুপোতে লাগাতে শুরু করেছেন। আর এটাই বড় ভুল। তাই এখন থেকে আয়ের ৩০ শতাংশ দিয়ে বিনিয়োগ করুন সোনা এবং রুপোয়। এর বেশি নয়।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।