
আজকাল ব্য়াঙ্কিং থেকে শুরু করে সরকারি প্রকল্পের নানা সুবিধা পাওয়া, এমনকি ফোনের সিম নিতে গেলেও আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আকছার নানা জায়গায় দিতে হয় আধার কার্ডের তথ্য। এমতাবস্থায় আপনার আধারের অপব্যবহার হচ্ছে কিনা, বুঝবেন কীভাবে? আসলে ঘরে বসেই এই তথ্য জেনে নেওয়া যেতে পারে।
UIDAI আধার কার্ডধারীদের তাদের আধার অথিন্টিকেশন হিস্ট্রি দেখার সুযোগ দেয়। এর সাহায্যে কোনও ব্যক্তি গত ৬ মাসে আধার সংক্রান্ত তথ্য ভেরিফিকেশনের ডেটা দেখতে পারেন। কীভাবে এই হিস্ট্রি চেক করা যায়, দেখে নিন
আধার অথেন্টিকেশন হিস্ট্রি দেখতে প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে নিজের ১২ অঙ্কের আধার নম্বর দিয়ে লগ ইন করুন। এর জন্য ১২-সংখ্যার আধার নম্বর অথবা ১৬-সংখ্যার ভার্চুয়াল আইডি লিখুন। তারপর, স্ক্রিনে আসা ক্যাপচা ফিলআপ করতে হবে। এরপর মোবাইলে রেজিস্টারড নম্বরে আসবে OTP। সেই OTP দিয়ে লগ ইন করলে 'আধার অথিন্টিকেশন হিস্ট্রি' সার্ভিস দেখতে পাবেন। সেখানেই ক্লিক করে এই সুবিধা পাবেন। UIDAI এই ফিচারের মাধ্যমে শেষ ৬ মাসের হিস্ট্রি দেখার সুযোগ করে দেয়। একবারে সর্বোচ্চ ৫০টি রেকর্ড দেখা যাবে।
অজানা রেকর্ড দেখলে কী করবেন?
যদি আপনার হিস্ট্রিতে এমন কোনও ডেটা দেখায় যা সন্দেহজনক, সেক্ষেত্রে তারিখ, সময় এবং অন্যান্য তথ্য যাচাই করুন। অপব্যবহারের সন্দেহ হলে, UIDAI-এর অভিযোগ অপশনে নিজের অভিযোগ জানাতে পারেন। টোল-ফ্রি নম্বর 1947-এও একটি অভিযোগ দায়ের করা যেতে পারে।
আধার বায়োমেট্রিক লক করে রাখুন
আধার সুরক্ষিত রাখতে, UIDAI একটি বায়োমেট্রিক লক সুবিধা দেয়। এর মাধ্যমে আপনি আপনার আঙুলের ছাপ এবং আইরিস ভেরিফাই করে লক করতে পারেন। লক করা থাকলে, বায়োমেট্রিক অথিন্টিকেশন ব্লক হয়ে যাবে। শুধুমাত্র ব্যবহারকারী নিজেই এটি আনলক করতে পারবেন। এই সুবিধাটি My Aadhaar পোর্টাল এবং mAadhaar অ্যাপে পাওয়া যায়।