কলকাতার কোন কোন হাসপাতালে আয়ুষ্মান ভারত?বাংলায় চালু হয়ে গিয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। সরকারে এসেই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। যার মাধ্যমে বছরে ৫ লক্ষ টাকার ফ্রি মেডিক্যাল ইনস্যুরেন্স মিলছে। আর এই কার্ড থাকলেই বিনামূল্যে করা যাবে কঠিন সব রোগের চিকিৎসা। পাশাপাশি অপারেশনও হবে ফ্রি-তে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, এই কার্ড থাকলে সারা ভারতের তাবড় সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা যাবে। প্রায় ৩৬ হাজার সরকারি এবং বেসরকারি হাসপাতালে এই কার্ডে পরিষেবা পাওয়া যাবে। ফলে শুধু রাজ্যে নয়, গোটা দেশেই এই কার্ড দিয়ে চিকিৎসা করা যাবে।
তবে বাংলার অধিকাংশ মানুষ এই রাজ্যে থেকেই চিকিৎসা করাতে চান। বিশেষত, রাজধানী কলকাতাতেই চিকিৎসা করানোর ঝোঁক বেশি। কারণ, গোটা রাজ্যের মধ্যে সবথেকে ভাল সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলি এখানেই রয়েছে।
এবার প্রশ্ন হল, কলকাতাতে কোন কোন নামী হাসপাতালে এই সুবিধা মিলবে? আসুন জেনে নেওয়া যাক।
সূত্রের খবর, কলকাতার সব বড় সুপারস্পেশালিটি, মাল্টি স্পেশালিটি বেসরকারি হাসপাতালেই মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা। ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, কেপিসি মেডিক্যাল কলেজ, পিয়ারলেস হাসপাতাল, মেডিকা হাসপাতাল, মুকুন্দপুরের মণিপাল, সল্টলেকের মণিপাল, রুবি হাসপাতাল ও ডিসান হাসপাতালে এই পরিষেবা পাওয়া যাবে। এছাড়া আরও কিছু হাসপাতাল এই প্রকল্পে যুক্ত হবে বলে খবর মিলছে। সেগুলি সম্পর্কে ভবিষ্যতে আপডেট করা হবে।
সব সরকারি হাসপাতালে পরিষেবা
পশ্চিমবঙ্গের সব সরকারি হাসপাতালেই এতদিন স্বাস্থ্যসাথী নেওয়া হতো। আর ঠিক তেমনভাবেই এখন আয়ুষ্মান ভারত কার্ডে পরিষেবা মিলবে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে এসএসকেএম, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আর জি কর হাসপাতাল ও কলকাতা মেডিক্যাল কলেজে মিলবে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা।
কী কী চিকিৎসা হবে?
এই কার্ড থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। এক্ষেত্রে হার্টের অসুখ, নার্ভের অসুখ, কিডনির অসুখ সহ প্রায় সব রোগেরই চিকিৎসা হবে। শুধু তাই নয়, প্রায় সব ধরনের সার্জারিও হবে এই কার্ডের মাধ্যমে। পাশাপাশি মাতৃত্বকালীন নানা সুবিধা, অ্য়াম্বুলেন্সের খরচ ও ওষুধের খরচও মিলবে। তাই তো এই কার্ডের এখন এত চাহিদা।
তবে একটা কথা জেনে রাখুন, এই কার্ড কিন্তু সবার জন্য নয়। যাঁরা আর্থিকভাবে দুর্বল, তাঁরাই এই কার্ড ব্যবহার করতে পারবেন।