জন্মাষ্টমীর দিন কলকাতায় মেট্রো চলবে কমশুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। জন্মাষ্টমীর ছুটি থাকায় ওইদিন বিভিন্ন রুটে কম মেট্রো চালাবে কর্তৃপক্ষ। তবে দিনের প্রথম মেট্রো ও শেষ মেট্রো চালানোর সময়ে কোনও বদল আনা হয়নি। কোন লাইনে কটি মেট্রো চালানো হবে? দেখে নেওয়া যাক।
ব্লু লাইন: কলকাতার সবচেয়ে ব্যস্ততম লাইন এটি। জন্মাষ্টমীর দিন এই লাইনে মোট ২৫২টি মেট্রো পরিষেবা থাকবে। ১২৬টি আপ ও ১২৬টি ডাউন মেট্রো চালানো হবে। সাধারণ দিনে এই লাইনটিতে ট্রেন চলে ২৭২টি। তবে ৪ সেপ্টেম্বর প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও বদল নেই।
গ্রিন লাইন: এই রুটে ছুটির দিনে চলবে মোট ২১২টি মেট্রো। ১০৬টি আপ ও ১০৬টি ডাউন মেট্রো চালানো হবে। প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও বদল নেই। সাধারণ দিনে গ্রিন লাইনে মেট্রো চলে ২৩৬টি।
ইয়েলো লাইন: হলুদ লাইনে ৯২টি ট্রেন পরিষেবা দেবে জন্মাষ্টমীর দিন। ৪৬টি আপ ও ৪৬টি ডাউন ট্রেন চলবে ইয়েলো লাইনে। এক্ষেত্রেও প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও বদল নেই।
অন্যদিকে, পারপল (বেগুনি) এবং অরেঞ্জ (কমলা) লাইনে পরিষেবা অন্য দিনের মতোই স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বর্তমানে সপ্তাহের সাধারণ দিনগুলিতে সকাল ৬টা ৫০-এর পরিবর্তে সকাল ৬টায় মেট্রো পরিষেবা পাচ্ছে কলকাতাবাসী। গত ২৮ জুলাই থেকে এই নয়া টাইমিং শুরু করেছে কলকাতা মেট্রো। এছাড়াও, রাত ৯টা ৪৪ মিনিটের মেট্রো বাড়িয়ে করা হয়েছে সাড়ে ১০টা। ফলে অতিরিক্ত সুবিধা পাচ্ছে কলকাতাবাসী।