লক্ষ্মীর ভাণ্ডারে কীভাবে আবেদনভোটের আগে মহিলাদের সমর্থন নিশ্চিত করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা করে বৃদ্ধি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রত্যাশা ছিলই, ফলে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির খবর ঘোষণা হতেই ঘরে ঘরে মহিলাদের মুখে হাসি। অনেকেই এবার নতুন করে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে আগ্রহী, কেউ কেউ আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কীভাবে হাতে পাওয়া যাবে, তা নিয়ে বিভ্রান্ত। জেনে নিন লক্ষ্মীর ভাণ্ডারের যাবতীয় খুঁটিনাটি।
তৃণমূল সরকারের অন্যতম সফল প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্যের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছিল। যত দিন গড়িয়েছে, ততই জনপ্রিয়তা পেয়েছে প্রকল্পটি। ২০২১ সালে তৃতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রকল্পে মহিলাদের ১ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এবার ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ফের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিলেন মমতা
কত টাকা পাবেন?
লক্ষ্মীর ভাণ্ডারে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫০০ টাকা করে পাবেন জেনারেল ক্যাটাগরি মহিলারা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পাবেন ১৭০০ টাকা।
কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন?
> লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে রাজ্যের বাসিন্দা হতে হবে।
> শুধুমাত্র মহিলারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন।
> আবেদনকারীদের বয়সসীমা ২৫ থেকে ৬০ বছর হতে হবে।
> ৬০ বছর বয়সের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পে স্থানান্তরিত করা হয়।
> যেসব মহিলা সরকারি কর্মী, পেনশনভোগী, পুরসভা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনে কী কী নথি লাগবে?
> স্বাস্থ্যসাথী কার্ড (যদি থাকে)
> আধার কার্ড
> ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস
> রঙিন পাসপোর্ট সাইজ ফটো
> SC/ST শংসাপত্র
কীভাবে আবেদন লক্ষ্মীর ভাণ্ডারে?
> অনলাইন এবং অফলাইন, দু'ভাবেই আবেদন করা যায়।
> অনলাইনে আবেদন করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in/login ভিজিট করতে হবে। ওয়েবসাইটের হোমপেজে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।
> এরপর মোবাইল নম্বরের মাধ্যমে লগ ইন করতে হবে। সেখানেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র।
> আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় নথি আপলোড করুন। যা সাবমিট করতে হবে পরের ধাপে।
> অফলাইনে আবেদন করতে হলে বিনামূল্যে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করে ফিলআপ করতে হবে।
কীভাবে স্টেটাস চেক করবেন?
গুগলে গিয়ে টাইপ করুন https://socialsecurity.wb.gov.in/। পেজটি খুললে ডানদিকে উপরে দেখতে পাবেন লেখা আছে Track applicant Status। এর উপরে ক্লিক করলে সার্চ ইউজিং বলে একটি বিকল্প দেখতে পাবেন। নিজের মোবাইল নম্বর যেটি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মে লিখে দিয়েছেন, সেটি নির্দিষ্ট জায়গায় দিলেন। পাশেই দিতে হবে ক্যাপচা কোড। নির্দিষ্ট ক্যাপচা কোডটি লিখে সার্চ করলেই নয় সংখ্যার আপনার অ্যাপ্লিকেশন আই ডি-টি দেখতে পাবেন। সঙ্গে দেখে নিতে পারবেন আপনার আবেদন পত্র কবে জমা হয়েছে এবং আবেদনপত্রের বর্তমান স্টেটাস কী। আবেদনপত্র রিভিউয়ের পর ফর্মটি নির্ভুল হলে, আপনি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন।