LIC-র সেরা স্কিম মহিলাদের জন্যভারতের বৃহত্তম জীবন বিমা সংস্থা এলআইসি (LIC) প্রত্যেক বয়সের জন্য বিমা পলিসি প্রদান করে। এরই মধ্যে, এলআইসি নারীদের ক্ষমতায়নের জন্য বিশেষভাবে একটি প্রকল্প চালু করেছে, যেখানে নারীরা প্রতিমাসে ৭ হাজার টাকা উপার্জন করতে পারেন। এই প্রকল্পটিকে এলআইসি বিমা সখী বলা হয়।
গ্রামীণ মহিলারা বিমা এজেন্ট
নারীদের আর্থিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যে এলআইসি-এর এই প্রকল্পটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে এবং এতে যোগদানকারী মহিলাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বিমা সখী প্রকল্প গ্রামীণ মহিলাদের বিমা এজেন্ট হওয়ায়, জীবিকা নির্বাহ করার এবং গ্রামে বিমা সম্পর্কে সচেতনতা বাড়ানোর সুযোগ করে দেয়। এই প্রকল্পটি কেবল গ্রামীণ মহিলাদের জন্য জীবিকার সুযোগই তৈরি করে না, বরং দেশের সুবিধাবঞ্চিত এলাকাগুলিতে বিমা পাওয়ার সুযোগও উন্নত করে।
ক্লাস টেন পাশ করলেই উপার্জনের সুযোগ
LIC-র বিমা সখী প্রকল্পের অধীনে ১৮ থেকে ৭০ বছর বয়সী যে সব মহিলারা কমপক্ষে দশম শ্রেণী পাশ করেছেন, তারা আবেদন করার যোগ্য। এর অর্থ হল, এলআইসি দশম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীদের জন্য উপার্জনের এক দারুণ সুযোগ করে দিচ্ছে। এই প্রকল্পের অনন্য বৈশিষ্ট্য হলো, পলিসি বিক্রি থেকে প্রাপ্ত কমিশনের পাশাপাশি অংশগ্রহণকারী মহিলাদের প্রথম তিন বছরের জন্য একটি নির্দিষ্ট উপবৃত্তিও দেওয়া হয়।
টার্গেট পূরণ হলেই কমিশন
এলআইসি বিমা সখী প্রকল্পের আওতায় মহিলাদের টানা তিনমাস নির্দিষ্ট টাকা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, প্রথম বছরে মহিলাদের প্রতি মাসে ৭,০০০ টাকা দেওয়া হয়, যেখানে দ্বিতীয় বছরে এই পরিমাণ ১,০০০ টাকা কমে প্রতি মাসে ৬,০০০ টাকা হয়। এছাড়াও, তৃতীয় বছর নাগাদ এই পরিমাণ কমে ৫,০০০ টাকা হয়ে যায়। উল্লেখ্য যে, যে মহিলারা বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করেন বা অতিক্রম করেন, তাঁদের অতিরিক্ত কমিশনও দেওয়া হয়। তিন বছরের প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাঁরা এলআইসি এজেন্ট হিসাবে কাজ করতে পারেন। শর্ত হলো, প্রথম বছরে খোলা পলিসিগুলির অন্তত ৬৫% অবশ্যই চালু থাকতে হবে।
প্রশিক্ষণ দেওয়া
এই সরকারি প্রকল্পের অধীনে মহিলা বিমা এজেন্টদের কাজ করার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। এলআইসি-ও মহিলা বিমা এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করে।এই প্রকল্পে যোগ দিলে প্রথম তিন বছরের জন্য নির্দিষ্ট অর্থ এবং বিশেষ প্রশিক্ষণ পাওয়া যায়। গ্রামীণ এলাকায় বসবাসকারী মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়। এলআইসি-র বর্তমান এজেন্ট ও কর্মচারীদের আত্মীয়রা এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হন।
অনলাইনে আবেদন
মহিলা প্রার্থীরা এলআইসি বিমা সখী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। রেজিস্ট্রেশনের বিরবরণ ও আবেদনপত্র LIC-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করে, ফর্ম জমা দিয়ে এবং আবেদনপত্র জমা দিয়ে আপনি আবেদন করতে পারেন। প্রয়োজনীয় নথিগুলির মধ্যে রয়েছে বয়সের প্রমাণ, ঠিকানার প্রমাণ এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।