ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াই এলআইসি আইপিও-তে আবেদনের সুযোগ। আর ক'দিন পর চলে আসবে এলআইসি-র আইপিও। বহু প্রতীক্ষিত এই আইপিও নিয়ে আগ্রহ তুঙ্গে। সোমবার থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা লগ্নি করতে শুরু করেছে। ৪ মে থেকে আবেদন করতে পারবেন খুচরো বিনিয়োগকারীরা। ৯ মে পর্যন্ত আবেদনের সুযোগ। এমন মেগা আইপিও-তে আপনিও টাকা খাটাতে চাইছেন, অথচ ডিম্যাট অ্যাকাউন্ট নেই? তাহলে মুশকিল আসান করে দিল পেটিএম।
এলআইসি-র আইপিও আসার আগেই গ্রে মার্কেটে শুরু হয়ে গিয়েছে ঢেউ। গত ৭ দিনে ৬ গুণ বেড়েছে শেয়ার। ফলে মুনাফা যে বড়সড় আসতে চলেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়াই যায়। অনেকেই চাইছেন এলআইসি-র আইপিও-তে বিনিয়োগ করতে। কিন্তু সাধ থাকলেও ইচ্ছাপূরণের পথে বাধা ডিম্যাট অ্যাকাউন্ট না থাকা। সেই অসুবিধা দূর করল পেটিএম।
Fintech সংস্থা Paytm LIC IPO-তে আবেদনের পথ মসৃণ করে দিয়েছে। Paytm-এর মূল সংস্থা One97 Communications পাড়ার মুদি এবং অন্যান্য দোকানে একটি বিশেষ QR কোড রাখছে। তার বিশেষত্ব হল, আপনি স্ক্যান করলেই খুলে যাবে ডিম্যাট অ্যাকাউন্ট। এর জন্য কোনও চার্জও লাগবে না। আর ওই ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আবেদন করুন আইপিও-র।
শেয়ার বাজারে লেনদেন করার জন্য একটি ডিম্যাট অ্যাকাউন্ট আবশ্যক। সেজন্য এলআইসি আইপিওতে বিনিয়োগ করার জন্যও ডিম্যাট অ্যাকাউন্ট চাই-ই চাই। Paytm এই উদ্যোগে যাঁরা এখনও ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেননি, তাঁরাও LIC IPO-তে অংশগ্রহণ করতে পারবেন। Paytm একটি প্রি-ওপেন আইপিও অ্যাপ্লিকেশনও চালু করেছে। এটি বিনিয়োগকারীদের আইপিও খোলার আগেই আবেদন করতে সাহায্য করবে। এই প্রাক-আবেদনগুলি Paytm Money-এর সিস্টেমে রেকর্ড করা হবে। IPO-র বিড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে Paytm Money সমস্ত রেকর্ড স্টক মার্কেটে পাঠিয়ে দেবে।
আগে এই আইপিওর মাধ্যমে এলআইসি-তে ৫ শতাংশ অংশীাদারিত্ব বিক্রির পরিকল্পনা নিয়েছিল সরকার। সেটাই কমিয়ে করা হয়েছে ৩.৫ শতাংশ। তা সত্ত্বেও দেশের বৃহত্তম আইপিও হতে চলেছে এলআইসি। ২১ হাজার কোটি টাকার আইপিও নিয়ে আসছে সংস্থা। এর আগে গত বছর ১৮,৩০০ কোটি টাকার আইপিও নিয়ে এসেছিল পেটিএম।
আরও পড়ুন- গ্রে মার্কেটে ৬ গুণ বাড়ল LIC শেয়ার, সোমে বড় বিনিয়োগকারীদের লগ্নি