এলপিজি ই-কেওয়াইসির সময় বাড়লএলপিজি নিয়ে বড় আপডেট। গ্রাহকদের স্বস্তি দিয়ে এলপিজিপি ই-কেওয়াইসি (LPG e-KYC) করার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। আপনারও যদি LPG সংযোগ থাকে, তা হলে দ্রুত অনলাইন বা অফলাইনে ই-কেওয়াইসি সেরে নেওয়া শ্রেয়। নতুন ডেডলাইন কবে? চলুন জেনে নেওয়া যাক।
যাঁদের এলপিজি সংযোগের ই-কেওয়াইসি হয়নি, তাঁরা নির্দিষ্ট সময়ের পর রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করতে সমস্যায় পড়তে পারেন। নতুন করে ৩১ অগাস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখেই ই-কেওয়াইসি করার সময় বাড়ানো হয়েছে। অনেক গ্রাহকই এখনও ই-কেওয়াইসি প্রক্রিয়া শেষ করতে পারেননি। তাঁদের জন্য বাড়ানো হল সময়।
ই-কেওয়াইসি না করলে কী হবে?
৩১ অগাস্টের মধ্যে ই-কেওয়াইসি শেষ না করলেই যে সঙ্গে সঙ্গে এলপিজি কানেকশন বাতিল হয়ে যাবে, এমনটা নয়। তবে ঘরোয়া এলপিজি সিলিন্ডার বুকিং এবং ডেলিভারির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।
বন্ধ হতে পারে ভর্তুকিও
ক্ষেত্র বিশেষে ই-কেওয়াইসি শেষ না হলে গ্রাহকরা এলপিজি ভর্তুকির সুবিধা নাও পেতে পারেন। যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বেশি দামে সিলিন্ডার কিনতে হতে পারে। তাই সময়সীমার মধ্যে ই-কেওয়াইসি করে ফেলুন।
কেন করা হচ্ছে ই-কেওয়াইসি?
ই-কেওয়াইসির উদ্দেশ্য হল, ঘরোয়া এলপিজি কানেকশন সংযোগ প্রকৃত গ্রাহকের নামেই রয়েছে কিনা, তা নিশ্চিত করা। পাশাপাশি সাধারণ মানুষের জন্য নির্ধারিত তুলনামূলক সস্তা রান্নার গ্যাসের যাতে অপব্যবহার না হয়, তা-ও নিশ্চিত করতে চায় সরকার। এলপিজি সিলিন্ডার বেআইনি ভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে কিনা, তাও জানা যাবে।
কীভাবে করবেন ই-কেওয়াইসি?
ই-কেওয়াইসির জন্য Aadhaar FaceRD অ্যাপ ডাউনলোড করুন ফোনে। সেই সঙ্গে ডাউনলোড করতে হবে আপনার গ্যাস সংস্থার মোবাইল অ্যাপ। ইন্ডেন গ্রাহকরা ডাউনলোড করবেন IndianOil ONE, ভারত গ্যাসের গ্রাহকরা Bharatgas এবং এইচপি গ্রাহকরা ডাউনলোড করবেন HP App। ই-কেওয়াইসি করতে হলে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা প্রয়োজন।