
LPG সিলিন্ডারের দাম আবারও বেড়েছে। সম্প্রতি গৃহস্থের গ্যাস সিলিন্ডারে প্রতি ৬০ টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে, বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়ে গিয়েছে। আবার দেশব্যাপী LPG-র ঘাটতি নিয়ে আশঙ্কাও তৈরি হয়েছে। এর ফলে কালোবাজারে গ্যাস সিলিন্ডারগুলি অত্যধিক দামে বিক্রির সম্ভাবনাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণত কালোবাজারি বৃদ্ধি পায় এবং তা সরাসরি জনসাধারণের ক্ষতি করে। যদিও কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়েছে, দেশে LPG-র কোনও সঙ্কট নেই। এই সমস্ত আশঙ্কা থেকে দূরে থাকতে বেছে নিতে পারেন স্মার্ট রান্নার পদ্ধতি।
যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। ফলস্বরূপ ভারতের হেঁশেল ঠেলতে গিয়ে মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা লাগছে। গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি অনেকেই খরচ কমাতে বিকল্প রান্নার পদ্ধতি খুঁজছেন। বাজারে এমন অনেক ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে, যা আপনার LPG নির্ভরতা কমাবে। সেগুলি কী কী?
ইনডাকশন কুকটপ
শহরে সাধারণত LPG-র বিকল্প হিসেবে ইন্ডাকশন কুকটপ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি বিদ্যুতের সাহায্য চলে এবং সরাসরি তাপ উৎপন্ন করে। ফলে রান্না দ্রুত হয় এবং গ্যাসের প্রয়োজন পড়ে না। বাজরে অনেক ধরনেরই ইন্ডাকশন কুকটপ পাওযা যায়। যার দাম ২ হাজার থেকে ৫ হাজার পর্যন্ত হয়। ছোট ফ্ল্যাট, হস্টেল বা ভাড়া বাড়িতে বসবাসকারীরা সাধারণত ইন্ডাকশন কুকটপ বেশি ব্যবহার করেন।
ইনফ্রারেড কুকটপ
ইন্ডাকশন কুকটপের মতো দেখতে আরও একটি গ্যাজেট হল ইনফ্রারেড কুকটপ। এতে কাচের প্লেট গরম করে খাবার রান্না করা হয়। এর বিশেষ বৈশিষ্ট্য, এটি প্রায় যে কোনও ধরনের রান্নার পাত্রের সঙ্গে ব্যবহার করা যেতে পারে। ইন্ডাকশন কুকটপের মতো এর কোনও সীমাবদ্ধতা নেই। এই কারণেই এটিকে ইন্ডাকশনের চেয়ে বেশি সুবিধাজনক মনে করা হয়।
ইলেকট্রিক প্রেশার কুকার
ইলেকট্রিক প্রেশার কুকার বা মাল্টি কুকার ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এতে ভাত, ডাল, সবজি এবং স্যুপ রান্না করা অনেক সহজ। এতে টাইমার এবং অটো কুকিং মোডও রয়েছে। এটি অফিসগামী বা যারা একলা থাকেন, তাদের জন্য সুবিধাজনক গ্যাজেট হয়ে উছেছে। অনলাইন কিংবা অফলাইন, যে কোনও স্টোর থেকেই কিনতে পারেন।
মাইক্রোওয়েভ ওভেন
মাইক্রোওয়েভকে প্রায়শই কেবল খাবার গরম করার জন্য মেশিন ভাবা হয়। তবে কনভেকশন মাইক্রোওয়েভ রান্নার জন্যও ব্যবহার করা যেতে পারে। এগুলি বেকিং, গ্রিলিং এবং বিভিন্ন ধরনের খাবার তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে। সঠিক ভাবে ব্যবহার করা হলে, এগুলি রান্নাঘরে গ্যাসের খরচ উল্লেখযোগ্য ভাবে কমাতে পারে।
এয়ার ফ্রায়ার
গত কয়েক বছর ধরে এয়ার ফ্রায়ারগুলি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছ। প্রাথমিক ভাবে এগুলি কেবল ভাজার জন্য ব্যবহৃত হত। কিন্তু নতুন মডেলগুলি এখন রোস্টিং, বেকিং এবং গ্রিলিং সহ একাধিক পদ্ধতি অফার করে। অনেকেই এগুলি শাকসবজি, পনির, স্ন্যাকস ভাজার জন্য ব্যবহার করেন। অতএব এগুলি ধীরে ধীরে একটি বহুমুখী রান্নাঘরের গ্যাজেটে পরিণত হয়েছে।
গ্যাস ছাড়া রান্নাঘর অচল?
বর্তমানে প্রতিটি বাড়িতে সম্পূর্ণ গ্যাস মুক্ত রান্নাঘর সম্ভব নয়। তবে ইন্ডাকশন কুকার, মাইক্রোওয়েভ, এয়ার ফ্রায়ার এবং বৈদ্যুতিক কুকারের মতো গ্যাজেটগুলি অবশ্যই LPG খরচ কমাতে পারে। গ্যাসের ঘাটতির সময়ও এই বিকল্পগুলির মাধ্যমে রান্না করা যেতে পারে। কারণ এগুলি রান্নাঘরের বেশিরভাগ রান্নার চাহিদা পূরণ করতে পারে।