বেড়ে গেল রান্নার গ্যাসের e-KYC করার সময়সীমাLPG গ্রাহকদের জন্য স্বস্তির খবর। রান্নার গ্যাসে e-KYC করার মেয়াদ বৃদ্ধি করল সরকার। গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে মেসেজ পাঠিয়ে এই মেয়াদ বৃদ্ধির উল্লেখ করেছে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থা। ২৩ অগাস্ট থেকে LPG-র e-KYC-র সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩১ অগাস্ট পর্যন্ত। অর্থাৎ আরও ৭ দিন অতিরিক্ত সময় হাতে পেলেন গ্রাহকেরা।
উল্লেখ্য বিষয় হল, চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত প্রথম ই-কেওয়াইসি'র মেয়াদ ছিল। কিন্তু তখনও বিপুল সংখ্যক মানুষ নিজেদের e-KYC করাননি। অগত্যা, মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে করা হয় ২৩ অগাস্ট। কিন্তু সূত্রের দাবি, ২৩ অগাস্টেও দেখা যায় প্রায় ২০ লক্ষ মানুষ এখনও নিজেদের e-KYC করানি, ফলে আরও একবার এই মেয়াদ বৃদ্ধি করা হল বলে সূত্রের দাবি।
কলকাতার একটি গ্যাস ডিস্ট্রিবিউটর সংগঠনের এক কর্তার দাবি, রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি বারেবারে ই-কেওয়াইসি করার সময়সীমা বৃদ্ধি করলেও, কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে না। ফলে গ্রাহকেরা এসে নোটিফিকেশন দেখতে চাইলে তা দেখাতে পারছেন না তাঁরা। ফলে অহেতুক সমস্যা বাড়ছে।
কীভাবে e-KYC করাবেন?
ই-কেওয়াইসি অনলাইন ও অফলাইন দুই মোডেই করা যেতে পারে। অফলাইনে e-KYC করতে হলে নিকটস্থ গ্যাস ডিলারদের কাছে গিয়ে ই-কেওয়াইসি করা যেতে পারে। তবে অধিকাংশ জায়গাতেই বিস্তর লাইন পড়ছে। অন্যদিকে, বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেও e-kyc করা সম্ভব। ফোনে গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটর সংস্থার অ্যাপ ডাউনলোড করে এই ই-কেওয়াইসি করা যাচ্ছে।
ই-কেওয়াইসি না করলে কী হবে?
এই সংক্রান্তও কোনও স্পষ্ট নির্দেশিকা এখনও আসেনি। তবে সূত্রের বক্তব্য, তেল সংস্থাগুলি গ্রাহকদের জানাচ্ছে ই-কেওয়াইসি না করা থাকলে তাঁরা গৃহস্থের দরে সিলিন্ডার কিনতে পারবেন না। অর্থাৎ তা কিনতে হতে পারে বাজার দরে। সেক্ষেত্রে বর্তমানে কলকাতায় যে গ্যাস সিলিন্ডারের দাম ৯৭০ টাকা, তা হয়তো কিনতে হতে পারে ১৫০০ টাকারও বেশি দরে।