রান্নার গ্যাসের নয়া নিয়ম (ছবি: নিজস্ব)হাতে মাত্র কয়েক দিন। ১ অক্টোবর থেকেই দেশে বদলে যাবে রান্নার এলপিজি গ্যাস বুকিং করার নিয়ম। সেই নিয়ম না মানলে গ্যাস সিলিন্ডার পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এমনকী বেশি দামে কিনতে হবে গ্যাস। আসলে আগামী মাসের ১ তারিখ থেকে সরকার রান্নার গ্যাসের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন (বিএএ) বাধ্যতামূলক করেছে। আর এই নিয়মটা না মানলে বড়সড় সমস্যায় পড়তে পারেন। আসুন গোটা বিষয়টা জেনে নেওয়া যাক।
এলপিজি সিলিন্ডারের জন্য এই কাজ জরুরি
এলপিজি উপভোক্তারা জেনে রাখুন, ১ অক্টোবর থেকে এলপিজি সিলিন্ডারের বুকিং নিয়ম বদলে যাচ্ছে। সরকার জানিয়ে দিয়েছে, ভর্তুকি যুক্ত দামে যদি রান্নার গ্যাস পেতে হয়, তাহলে রিফিল বুক করার জন্য বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক হচ্ছে। এই কাজটা যদি ১ অক্টোবরের আগে না করা হয়, তাহলে বড়সড় জটিলতার মুখে পড়তে হবে। এক্ষেত্রে গ্যাস মিলবে বাজার দরে। ভর্তুকি যুক্ত গ্যাস পাওয়া যাবে না। আর এটাই মূল সমস্যার বিষয়।
একবারই করতে হবে
একটা কথা প্রথমেই বলে দিই, ইতিমধ্যেই যাঁরা আধার অথেন্টিকেশন করে ফেলেছেন, তাঁদের নতুন করে আর করার দরকার নেই। এটা একবার করলেই হবে।
সরকার জানিয়েছে, তাঁদের উদ্দেশ্য হল যাতে দেশের যোগ্য পরিবারগুলিই ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সুবিধা পায়। এটা নিশ্চিত করাই এখন প্রায়োরিটি।
এর পাশাপাশি সরকার চাইছে, বাড়ির রান্নার গ্যাস যাতে কোনওভাবেই দোকানে না ব্যবহার হয়। সেই সঙ্গে একই ব্যক্তির নামে একাধিক গ্যাস থাকলেও সেটা আধার অথেন্টিকেশনের মাধ্যমেই ধরতে চাইছে সরকার।
এতদিন কত মানুষ অথেন্টিকেশন করেছেন?
এই হিসেবটাও দিয়ে দিয়েছে সরকার। তাদের দাবি, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ২৭.৪৩ কোটি সক্রিয় গৃহস্থের গ্যাসের বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে।
এভাবে করুন কাজ
এখনও বাড়িতে রান্না করার এলপিজি সিলিন্ডার সাবসিডি দেয় সরকার। এক্ষেত্রে সেপ্টেম্বর ২০২৬-এ ১৪.২ কেজির বাড়ির সিলিন্ডারে পরোক্ষভাবে সরকার ২১০ টাকা ভর্তুকি দেয়। তাই দ্রুত আধার অথেন্টিকেশন করিয়ে নিন। তাহলে বেশি দামে সিলিন্ডার কিনতে হবে না।
কীভাবে করবেন আধার অথেন্টিকেশন?
আপনি ইন্ডিয়ান অয়েল ওয়ান, হ্যালোবিসিসিএল এবং এইচপি পে-এর মতো মোবাইল অ্যাপে আধার অথেন্টিকেশন সেরে ফেলতে পারেন। এছাড়া গ্যাসের অফিসে গিয়েও করতে পারেন কাজটি। তাহলেই বেশি দামে গ্যাস কিনতে হবে না।