কলকাতায় এক ধাক্কায় ২১৮ টাকা বাড়ল LPG সিলিন্ডারের দামএমনিতেই জ্বালানি পেতে গিয়ে দেশের বিভিন্ন শহরে রেস্তোরাঁগুলির কালঘাম ছুটছে। তারই মধ্যে ১ এপ্রিল বুধবার থেকে কমার্শিয়াল গ্যাসের দামে বিরাট বৃদ্ধি করল সরকার। এক ধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল ২০০ টাকারও বেশি। যা কিনা এযাবৎকালের সর্বাধিক বৃদ্ধি। আজ থেকেই এই দাম কার্যকর হচ্ছে।
কোন শহরে কত টাকা দাম বাড়ল?
আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী, শুধু কলকাতা নয় মুম্বই, চেন্নাই, দিল্লির মতো শহরেও গ্যাসের দাম ব্যাপক ভাবে বৃদ্ধি করা হয়েছে। ১৯কেজি সিলিন্ডার পিছু কলকাতায় দাম বেড়েছে ২১৮ টাকা। দিল্লিতে সিলিন্ডার পিছু দাম বেড়েছে ১৯৪ টাকা। মুম্বইয়ে দাম বেড়েছে ১৯৬ টাকা এবং চেন্নাইয়ে ২০৩ টাকা।
নতুন দাম কত হল?
আজ থেকেই দাম বৃদ্ধি লাগু হওয়ার ফলে কলকাতায় আজ বাণিজ্যিক গ্যাস কিনতে রেস্তোরাঁ মালিকদের খরচ করতে হবে ২২০৮ টাকা। দিল্লিতে সিলিন্ডার পিছু খরচ পড়বে ২০৭৮.৫০ টাকা, মুম্বইতে দাম হয়েছে ২০৩১ টাকা ও চেন্নাইকে নতুন দাম হয়েছে ২২৪৬.৫০ টাকা।
কাদের পকেটে জোর ধাক্কা?
কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার সাধারণত শহরের বড় বড় রেস্তোরাঁ, হোটেল মালিকরা ব্যবহার করেন। ফলে এই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ মালিকদের পকেটে সরাসরি আঘাত লাগে। তবে এর প্রভাব পড়ে সাধারণ মানুষের পকেটে। যুদ্ধের বাজারে এমনিতেই বেশি দামে গ্যাস কিনতে হচ্ছিল রেস্তোরাঁ মালিকদের, এরপর দাম বৃদ্ধির জেরে খাবারের প্লেটের দাম বাড়লে তা দিতে হবে আমজনতাকেই। ফলে ঘুরপথে চাপ এসে পড়বে সাধারণ মানুষের উপরেই।
গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারে স্বস্তি
বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও স্বস্তির বিষয় হল, ১ এপ্রিল গার্হস্থ্য ১৪ কেজির গ্যাসের দাম বৃদ্ধি করা হয়নি। ফলে কলকাতায় গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ৯৩৯ টাকাই। দিল্লিতে এই দাম রয়েছে ৯১৩ টাকা, মম্বইতে ৯১২.৫০ টাকা ও চেন্নাইতে ৯২৮.৫০ টাকা।