LPG পরিষেবায় চমক রান্নার গ্যাস নিয়ে আর চিন্তা করতে হবে না। অর্ডার দেওয়ার পরই তা চলে আসবে আপনার ঠিকানায়। ইতিমধ্যে মুম্বইয়ে এই পরিষেবা চালু হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা BPCL বাড়তে থাকা প্রিমিয়াম এলপিজির চাহিদা মেটাতে এই পদক্ষেপ করেছে। 'ভারতগ্যাস লাইট জিপ' (Bharatgas Lite ZIP) নামে নতুন এই পরিষেবা বাজারে আসায় খুশি গ্রাহকরা।
ওই সংস্থার দাবি, বিশেষ করে ব্যস্ত শহরাঞ্চলের গ্রাহকদের কথা মাথায় রেখেই 'ভারতগ্যাস লাইট জিপ' পরিষেবা চালু করা হয়েছে। নতুন সংযোগ নেওয়া এবং রিফিল সিলিন্ডার অর্ডার- দুটো প্রক্রিয়াকেই আরও সহজ ও দ্রুত করা হবে।
প্রথম পর্যায়ে মুম্বইয়ে এই পরিষেবা চালু হলেও BPCL জানিয়েছে, ২০২৬ সালের ১৫ অগস্টের মধ্যে ২৪টি রাজ্যের আরও ১০০টি শহরে এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ চলতি মাসেই কলকাতায় এই পরিষেবা চালু হতে পারে।
BPCL-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় খান্না এবং ডিরেক্টর শুভঙ্কর সেনের উপস্থিতিতে পরিষেবাটির উদ্বোধন করা হয়। সংস্থার এক্স পোস্টে সেই তথ্য জানানো হয়েছে।
এই পরিষেবার মূল আকর্ষণ 'ভারতগ্যাস লাইট' কম্পোজিট সিলিন্ডার। BPCL-এর দাবি, এই সিলিন্ডার সাধারণ ইস্পাতের সিলিন্ডারের তুলনায় অনেক হালকা, এতে মরচে ধরে না এবং স্বচ্ছ বডির কারণে গ্রাহক সহজেই দেখতে পারবেন কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক নকশাও রয়েছে এই সিলিন্ডারে।
BPCL-এর এই পরিষেবা ঠিক তখন শুরু হল যখন হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) Swiggy Instamart-এর সঙ্গে হাত মিলিয়ে দেশের প্রথম অন-ডিমান্ড এলপিজি সিলিন্ডার ডেলিভারি পরিষেবা শুরু করেছে।
এই উদ্যোগের অংশ হিসেবে HPCL 'HP Navya' নামে নতুন ১০ কেজির কম্পোজিট এলপিজি সিলিন্ডার বাজারে এনেছে। পাশাপাশি তাদের ৫ কেজির ধাতব সিলিন্ডারও পরিষেবার আওতায় রয়েছে। প্রথমে বেঙ্গালুরুতে এই পরিষেবা চালু হয়েছে। বিশেষ বিষয় হল, যাঁদের আগে থেকে গৃহস্থালির এলপিজি সংযোগ নেই, তাঁরাও ইনস্টামার্ট অ্যাপের মাধ্যমে সিলিন্ডার অর্ডার করতে পারবেন।
এই পরিষেবা মূলত ছাত্রছাত্রী, তরুণ কর্মজীবী এবং ছোট পরিবারের জন্য তৈরি করা হয়েছে। প্রথম অর্ডারটি নতুন সিলিন্ডার কেনা হিসেবে ধরা হবে। সেই সময় পরিচয়পত্র যাচাই এবং ডেলিভারির প্রমাণ সংগ্রহ করা হবে। পরবর্তী অর্ডারগুলি রিফিল হিসেবে গণ্য হবে এবং খালি সিলিন্ডার ডেলিভারির সময় ফেরত নেওয়া হবে।
HPCL-এর দাবি, HP Navya সিলিন্ডারও প্রচলিত ইস্পাতের সিলিন্ডারের তুলনায় হালকা, মরচে ধরে না এবং স্বচ্ছ বডির কারণে গ্যাসের পরিমাণ সহজে বোঝা যায়। ছোট ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বা দ্বিতীয় সিলিন্ডার হিসেবে এটি উপযোগী। ডেলিভারি করা হবে HPCL-এর বিদ্যমান ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের মাধ্যমে।
Swiggy Instamart-এর সিইও অমিতেশ ঝা জানিয়েছেন, শুধুমাত্র মুদিখানার সামগ্রী নয়, প্রতিদিনের অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের ক্ষেত্রেও পরিষেবা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই এলপিজি ডেলিভারি শুরু করা হয়েছে। HPCL-এর ডিরেক্টর (মার্কেটিং) অমিত গর্গ বলেন, ডিজিটাল ও দ্রুত পরিষেবার মাধ্যমে 'নয়া ভারত'-এর আরও বেশি মানুষের কাছে এলপিজি পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। তবে বেঙ্গালুরুর বাইরে কবে পরিষেবা চালু হবে, তা এখনও জানানো হয়নি।
BPCL-এর ভারতগ্যাস লাইট জিপ বাজারে আসার ফলে এখন দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাই- BPCL, HPCL এবং ইন্ডিয়ান অয়েল- প্রিমিয়াম এলপিজি পরিষেবার ক্ষেত্রে কম্পোজিট সিলিন্ডার, দ্রুত ডেলিভারি বা পরীক্ষামূলক প্রকল্প নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। ফলে ভবিষ্যতে গ্রাহকদের জন্য আরও দ্রুত, সহজ এবং আধুনিক এলপিজি পরিষেবা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।