মহালয়া ইডেন গার্ডেন্সে শো কখন? কোথায় লাইভ দেখবেন? (ছবি: লকেট চট্টোপাধ্যায়)আজ মহালয়া। আর এই দিনটাকে ঘিরেই স্পেশাল প্ল্যান করেছে পশ্চিমবঙ্গ সরকার। এ দিন রেড রোড থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত খোলা জিপে চেপে শোভাযাত্রা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় বাংলার লোক সংস্কৃতি তুলে ধরা হবে উপস্থিত দর্শকদের সামনে। এরপরই বিশেষ অনুষ্ঠান হবে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে। সেখানে কয়েক হাজার ঢাকি, শঙ্খ এবং ৩ হাজার ড্রোনের বিশেষ প্রদর্শনী হবে। এর মাধ্যমেই দেবী দুর্গার আগমন হবে পশ্চিমবঙ্গে। কিন্তু মুশকিল হল, এখনও এই অনুষ্ঠান নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। অনেকেই জানতে চাইছেন, কখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শোভাযাত্রা শুরু হবে? ইডেনে অনুষ্ঠান শুরু কখন? অনুষ্ঠানে ঠিক কী হবে? কারা অংশগ্রহণ করবেন? কোথায় লাইভ দেখা যাবে? আসুন জেনে নেওয়া যাক গোটা বিষয়টা।
কখন রোড শো?
এখনও পর্যন্ত যা খবর, শনিবার বিকেল ৪টের সময় খোলা জিপে রেড রোডে শোভাযাত্রা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সময় রেড রোড থেকে ইডেন গার্ডেন্স যাবেন মুখ্যমন্ত্রী। এই যাত্রাপথে বাংলার সংস্কৃতি তুলে ধরা হবে। রেড রোডের দু’পাশে বাংলার ২৩টি জেলার শিল্পীরা নিজেদের জেলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবেন। সেখানে বাউল গান থেকে শুরু করে ছৌ নাচ ও অন্যান্য লোক সংস্কৃতির দেখা মিলবে।
রাস্তার দুইধারে একাধিক স্টেজ তৈরি করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে শো দেখা যাবে।
ইডেন কখন অনুষ্ঠান?
বিকেল ৫টার সময় মূল অনুষ্ঠান শুরু হবে ইডেন গার্ডেন্সে। এরপর কয়েক ঘণ্টা এখানে অনুষ্ঠান চলবে।
ইডেনে কী হবে?
আজকের দিনের মূল আকর্ষণ হল ইডেনের অনুষ্ঠান। এখানে বিরাট আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
যতদূর খবর, ইডেনে আজ উপস্থিত থাকবেন শান, কৌশিকী চক্রবর্তী, অন্তরা মিত্র, লগ্নজিতা ও শান্তনু মৈত্র। সেই সঙ্গে লোকসংগীতের জনপ্রিয় ব্যান্ড দোহার এবং দেবর্ষি ভট্টাচার্যের মতো বিশিষ্ট শিল্পীরাও নিজেদের সঙ্গীতের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখবেন।
এছাড়া ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকবেন কয়েক হাজার ঢাকি। তাঁরা একসঙ্গে ঢাক বাজাবেন। ঢাকের শব্দের সঙ্গী হবে শঙ্খধ্বনি।
ড্রোন শো
আজকের অনুষ্ঠানের সবথেকে বড় আকর্ষণ হল ড্রোনে মায়ের আগমন। প্রায় ৩ হাজার ড্রোনের বিশেষ প্রদর্শনীতে আকাশে ফুটে উঠবে দেবী দুর্গা।
কোথায় দেখা যাবে লাইভ?
বিভিন্ন বেসরকারি সংবাদমাধ্যমের চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে গোটা অনুষ্ঠান। এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখা যাবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
কারা ঢুকতে পারবেন?
ইডেন গার্ডেন্সের মূল অনুষ্ঠানে সবাই প্রবেশ করতে পারবেন না। সেখানে ঢুকতে গেলে জন্য আমন্ত্রণপত্র লাগবে। তবে রেড রোডের অনুষ্ঠান দেখতেই পারেন লাইভ।