MMSBY Scheme Health Package এ ফ্রিতে ২ হাজার রোগ চিকিৎসা এবং ওষুধের লিস্ট দেখুন

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার প্যাকেজে ২ হাজার রোগের চিকিৎসা ব্যবস্থা। এর মধ্যে রয়েছে একাধিক জটিল অস্ত্রোপচার এবং স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার সুবিধা।

Advertisement
MMSBY Scheme Health Package এ ফ্রিতে ২ হাজার রোগ চিকিৎসা এবং ওষুধের লিস্ট দেখুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা
হাইলাইটস
  • নতুন স্কিমের প্যাকেজে ২ হাজার রোগের চিকিৎসা।
  • দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার সুবিধে।

চালু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (MMSBY)। এই স্কিমে দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালকে যুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গেই রয়েছে ১,২৪০টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল। পাবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা। যাঁরা CGHS, WBHS-এর মতো অন্য কোনও সরকারি স্বাস্থ্য স্কিমের আওতায় রয়েছেন, তাঁরা এর সুবিধা পাবেন না। রাজ্যের হাসপাতালগুলির জন্য ইতিমধ্যেই একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। এতে রোগী রেজিস্ট্রেশন এবং পুরনো স্বাস্থ্যসাথী (SS) স্কিমের সুবিধাভোগীদের আয়ুষ্মান যোজনা (West Bengal Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana WB PM-JAY) আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় (MMSBY) স্থানান্তরের প্রক্রিয়া জানানো হয়েছে।

নতুন স্কিমের প্যাকেজে (Health Benefit Packages) প্রায় ২ হাজার রোগের চিকিৎসা রয়েছে। এর মধ্যে রয়েছে একাধিক জটিল অস্ত্রোপচার এবং স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার সুবিধা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগে থেকে থাকা রোগও প্রথম দিন থেকেই এই স্কিমের আওতায় থাকবে। পরিবারের সদস্য সংখ্যার ক্ষেত্রেও কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি। পরিবারের প্রত্যেক সদস্যের বাধ্যতামূলক ভেরিফিকেশনের পর বিনামূল্যে আলাদা ডিজিটাল কার্ড দেওয়া হবে। নির্দিষ্ট শিবির, সরকারি ওয়েব পোর্টাল বা হাসপাতালের হেল্পডেস্কের মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে। 
 

অস্থি চিকিৎসা

টোটাল হাঁটু রিপ্লেসমেন্ট এবং টোটাল হিপ রিপ্লেসমেন্টের মতো বড় অস্ত্রোপচারও এই প্যাকেজে আছে।

স্নায়ুর রোগ

হার্ট, রক্তনালি এবং স্নায়ুরোগের চিকিৎসায় অ্যাডভান্সড ইন্টারভেনশনাল রেডিয়োলজিও করাতে পারবেন। এর মধ্যে রয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্টিং, কয়েল ও গ্লু এম্বোলাইজেশন, থ্রম্বোলাইসিস এবং ব্রেন অ্যানিউরিজমের চিকিৎসা।

জরুরি চিকিৎসা

জটিল ক্ষত বা গভীর কাটা-ছেঁড়ার চিকিৎসা এবং রিসাসিটেশনের মতো জরুরি পরিষেবাও প্যাকেজের অন্তর্ভুক্ত।

প্রসূতি ও স্ত্রীরোগের চিকিৎসা

সাধারণ প্রসবের পাশাপাশি ঝুঁকিপূর্ণ প্রসবের চিকিৎসাও এই স্কিমে রয়েছে। গুরুতর প্রি-এক্ল্যাম্পসিয়া, অ্যানিমিয়া বা ডায়াবিটিসের মতো জটিলতা থাকলেও চিকিৎসার সুবিধা মিলবে। এ ছাড়াও সিজারিয়ান সেকশন, হিস্টেরেক্টমি এবং ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার প্যাকেজের আওতায়।

মানসিক রোগের চিকিৎসা

Advertisement

মানসিক স্বাস্থ্যের চিকিৎসাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা, অর্গানিক মানসিক সমস্যা, সিজোফ্রেনিয়া, মুড ডিজঅর্ডার, মাদকাসক্তি এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের (ASD) মতো নিউরোডেভেলপমেন্টাল সমস্যার চিকিৎসাও এই স্কিমের আওতায় রাখা হয়েছে।

আগুনে পোড়া চিকিৎসা

আগুনে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসাতেও আর্থিক সুরক্ষা দেবে এই স্কিম। তাপ, গরম জল, বিদ্যুৎ এবং রাসায়নিকের কারণে হওয়া পোড়ার চিকিৎসা হবে। পোড়ার পরে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়ায় সমস্যা হলে সেই কনট্র্যাকচার রিকনস্ট্রাকশন সার্জারিও কভার করা হবে।

ডায়াগনস্টিক টেস্ট

বিভিন্ন উন্নতমানের ডায়াগনস্টিক পরীক্ষা এবং বিশেষ ওষুধের খরচও স্কিমের আওতায় রয়েছে।  এর মধ্যে পড়ছে সিটি ও আল্ট্রাসাউন্ড-গাইডেড নিডল বায়োপসি, ফাইন নিডল অ্যাসপিরেশন, জেনেটিক পরীক্ষা, ডিস্কোগ্রাফি এবং ভিডিও ইইজি-র (Video EEG) মতো পরীক্ষাও।

স্পেশাল ওষুধ

জটিল রোগের ক্ষেত্রে IVIG, Rituximab, বেশি অ্যান্টিবায়োটিক এবং বিরল বা গুরুতর সংক্রমণের চিকিৎসায় থেরাপি দেওয়ার ব্যবস্থাও রয়েছে। 

হাসপাতালে রোগী রেজিস্ট্রেশনের নিয়ম (Hospital Registration Process)

রোগীদের চিকিৎসায় যাতে কোনও বাধা না আসে, সে জন্য স্বাস্থ্য দফতর পোর্টালে (https://ssai.swasthyasathi.gov.in/) রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে।

যাঁদের কাছে  প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার (PM-JAY) কার্ড রয়েছে বা তালিকায় নাম রয়েছে, তাঁরা সুবিধা পাবেন। অনুমোদন না হওয়া পর্যন্ত তাঁদের চিকিৎসা স্বাস্থ্যসাথীর মাধ্যমেই চলবে। একই সঙ্গে beneficiary.nha.gov.in পোর্টালে অনুমোদনের বিষয়টি দেখা হবে।

যাঁদের e-KYC ভেরিফিকেশন হয়নি, তাঁদের ক্ষেত্রে NHA পোর্টালের মাধ্যমে যাচাই শুরু করতে হবে হাসপাতালকে। তবে ভেরিফিকেশন চলাকালীন চিকিৎসা বন্ধ করা যাবে না। স্বাস্থ্যসাথীর মাধ্যমেই চিকিৎসা চালিয়ে যেতে হবে।

যাঁদের নাম আয়ুষ্মানের তালিকায় পাওয়া যাবে না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আনা হবে। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে আবেদনপত্র দেবে। 

প্রযুক্তিগত সমস্যার কারণে আয়ুষ্মান যোজনার কার্ড করা সম্ভব না হলে 'Facing issue in PM-JAY TMS' অপশনে ক্লিক করবে হাসপাতাল। সমস্যা ঠিক হওয়ার অপেক্ষা না করে স্ক্রিনশট জমা দিয়ে স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা চালিয়ে যেতে হবে হাসপাতালকে।
 

POST A COMMENT
Advertisement