নৈহাটি থেকে বাসে দিঘা, পুরী ও শিলিগুড়িপশ্চিমবঙ্গে পালা বদলের পর থেকেই একের পর এক নতুন সরকারি বাস রুট তৈরি হচ্ছে। আর ঠিক তেমনভাবেই এবার নৈহাটি থেকে দিঘা, পুরী ও শিলিগুড়ির উদ্দেশে বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর এই পরিষেবা চালু হলে যে একটা বিরাট এলাকার মানুষের সুবিধা হবে, সেই কথা তো বলাই বাহুল্য।
পরিবহণ দফতর সূত্রে খবর, গত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে নৈহাটিতে বড় করে বাস টার্মিনাস তৈরি হয়। কিন্তু সেটা দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় ছিল। তবে পালাবদলের পর সেই টার্মিনাসের হাল ফেরাতে শুরু করেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই নৈহাটি থেকে জোকা পর্যন্ত শুরু হয়ে গিয়েছে এসি বাস পরিষেবা। এবার সেখান থেকেই শিলিগুড়ি, দিঘা ও পুরী যাওয়ার বাস ছাড়া হবে।
জানা যাচ্ছে, খুব দ্রুত এই পরিষেবা চালু করা হবে। শুধু তাই নয়, নৈহাটি টার্মিনামে যাত্রীদের বসার জায়গা থেকে শুরু করে শৌচাগারের ব্যবস্থাও করা হবে।
কবে থেকে চালু হবে পরিষেবা? টাইমিং কখন?
না, এই বিষয়টা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে পরিবহণ দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই বাস চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। বাস পরিষেবা কিছু দিনের মধ্যেই চালু হতে চলেছে।
যদিও কতগুলি বাস চলবে, তার টাইমিং কী হবে, এগুলি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সেগুলি পরবর্তী সময় নির্দেশিকা হিসেবে জানিয়ে দেওয়া হবে।
মাথায় রাখতে হবে, নৈহাটি থেকে শিলিগুড়ি, দিঘা, পুরী বাস শুরু হলে একটা বড় অংশের মাানুষের সুবিধা হবে। এক্ষেত্রে ব্যারাকপুর অঞ্চল থেকে শুরু করে নৈহাটি হয়ে কল্যাণী পর্যন্ত মানুষেরা খুব সহজেই বাসে করেই এই সব জায়গায় চলে যেতে পারবেন। তাঁদের আর কলকাতায় এসে বাসে চাপতে হবে না। তাই এই বাস চালুর খবরে খুশির হাওয়া রয়েছে গোটা এলাকায়।
নৈহাটির বাস টার্মিনাসকে সাজিয়ে তোলা হচ্ছে
নৈহাটির বাস টার্মিনাস খুবই ভাল জায়গায় অবস্থিত। এটি কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশেই তৈরি করা হয়েছে। এটি রেল স্টেশনেরও খুব কাছে অবস্থিত। আর এই টার্মিনাসকেই নতুন করে সাজিয়ে তুলতে চাইছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। তিনি জানিয়েছেন, নৈহাটি এলাকাকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু করছে সরকার।