আধার কার্ডের নতুন নিয়মNew Aadhaar Card design 2026: আধার কার্ড নিয়ে এবার এক যুগান্তকারী বদল আসতে চলেছে। সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে কাগজের আধার কার্ডের ভোল বদলে দেওয়ার পরিকল্পনা করছে প্রশাসন। এখন আর আপনার আধার কার্ডের ওপর সবার চোখের সামনে নাম, জন্ম তারিখ বা বাড়ির ঠিকানা লেখা থাকবে না। নিরাপত্তার স্বার্থে এই তথ্যগুলি ছাপানো কপি থেকে আড়াল করার তোড়জোড় শুরু হয়েছে।
বর্তমানে আমাদের পকেটে থাকা আধার কার্ডে নাম, জন্ম তারিখ, ছবি, ঠিকানা এমনকি বাবার নামও স্পষ্ট লেখা থাকে। ফলে এই কার্ডের ফটোকপি কোনও অসাধু ব্যক্তির হাতে পড়লে বা কার্ডটি হারিয়ে গেলে সহজেই যাবতীয় ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ভয় থাকে। সাইবার অপরাধীরা এই সুযোগ নিয়েই নিত্যনতুন প্রতারণার জাল বুনছে।
সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, আধার কার্ডের এই নতুন ডিজাইন জালিয়াতি রুখতে রক্ষাকবচ হিসেবে কাজ করবে। ভারতীয় বিশিষ্ট পরিচয় কর্তৃপক্ষ (UIDAI) শীঘ্রই এই নয়া ধাঁচের আধার কার্ড বাজারে আনতে পারে। এর ফলে আপনার পরিচয় থাকবে কেবল আপনারই নিয়ন্ত্রণে, আগন্তুকের সামনে সব তথ্য উন্মুক্ত থাকবে না। ভবিষ্যতে ফিজিক্যাল আধার কার্ড বা ছাপানো কার্ডে কেবল ব্যবহারকারীর ছবি এবং একটি ‘কুইক রেসপন্স কোড’ বা কিউআর কোড (QR Code) দেখা যাবে। তথ্য যাচাই করার প্রয়োজন হলে সেই কোডটি স্ক্যান করলেই কেবল খুঁটিনাটি বেরিয়ে আসবে। ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হতে চলেছে।
সবচেয়ে মজার বিষয় হলো, একজন ইউজার নিজেই ঠিক করতে পারবেন তিনি কার্ডের কোন তথ্যটি কাউকে দেখাতে চান আর কোনটি আড়ালে রাখতে চান। নাম বা ঠিকানা, সবই থাকবে হাইড বা লুকানোর সুযোগ। কার্ডটি স্ক্যান করলে তবেই আপনার অনুমতিক্রমে কাঙ্ক্ষিত তথ্য প্রকাশিত হবে।
কেন এই তাড়াহুড়ো? আসলে ১২ সংখ্যার এই ইউনিক ডিজিট বর্তমানে ভারতীয় নাগরিকদের প্রধান পরিচয়পত্র। এতে বায়োমেট্রিক থেকে শুরু করে যাবতীয় গোপন তথ্য জমা থাকে। যদি কোনওভাবে এর ফটোকপি অপরাধীদের হাতে যায়, তবে আপনার পুরো প্রোফাইলটিই তাদের হাতের মুঠোয় চলে আসতে পারে। সেই ঝুঁকি কমাতেই এই নয়া নকশা।
সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসেই আধার কার্ডের এই আমূল পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। যদিও সংশ্লিষ্ট দফতর বা UIDAI-এর তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি সিলমোহর দেওয়া হয়নি, তবে খুব শীঘ্রই এই নিয়ে বিস্তারিত গাইডলাইন শেয়ার করা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই UIDAI আধারের একটি নতুন অ্যাপের পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করেছে। এই অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা চাইলেই তাঁদের তথ্যের কিছু অংশ আড়াল বা ‘মাস্ক’ করে পিডিএফ (PDF) বা ছবি আকারে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মেই এই অ্যাপ এখন মজুত।