শিয়ালদা-বারাসত রুটে নতুন এসি লোকাল ঘোষণা করল পূর্ব রেল, কোন সময় ছাড়বে?যাত্রী সুবিধার্থে বিরাট পদক্ষেপ নিল শিয়ালদা ডিভিশন। গরমের মধ্যে রেল সফরকে আরও স্বস্তিদায়ক করতে এবার শিয়ালদা স্টেশন থেকে নতুন এসি লোকাল চালুর ঘোষণা করল পূর্ব রেল। বুধবার বিকেলে শিয়ালদা ডিআরএম রাজীব সাক্সেনা নতুন এসি লোকাল চালানোর ঘোষণা করেছেন। শিয়ালদা-বারাসত রুটে এই নতুন এসি লোকালটি চালানো হবে।
শিয়ালদা-বারাসত এসি লোকালের সময় কী রয়েছে?
আপ ট্রেনটি সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে নতুন এসি লোকাল, সেটি বারাসত জংশন স্টেশনে পৌঁছবে সকাল ১১টা ১৮ মিনিটে।
ডাউন ট্রেনটি বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ছাড়বে, আর সেটি শিয়ালদা স্টেশনে পৌঁছবে দুপুর ১২টা ১৩ মিনিটে।
ভাড়া কত রয়েছে?
নতুন এসি ট্রেনের ভাড়ায় কোনও পরিবর্তন করা হয়নি। বর্তমানে চালু থাকা শিয়ালদা-রানাঘাট গ্যালোপিন এসি লোকালের বারাসত পর্যন্ত ভাড়া রয়েছে ৫৫ টাকা। নতুন শিয়ালদা- বারাসত লোকালের ক্ষেত্রেও এই ভাড়াই প্রযোজ্য হবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই ব্যস্ত রুটে যাত্রীদের জন্য উন্নত ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই নতুন AC EMU লোকাল চালু করা হয়েছে। ট্রেনটি যাত্রাপথে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে।
কবে থেকে এই ট্রেনের পরিষেবা চালু হবে?
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার থেকেই এই পরিষেবা শুরু করা হবে। আপাতত পরীক্ষামূলকভাবে সপ্তাহে ৫ দিন (সোমবার থেকে শুক্রবার) এই নতুন এসি ট্রেনটি চলবে। পরে এর পরিষেবা আরও বাড়ানো হতে পারে।
তবে শুধুমাত্র এসি লোকাল নয়, এদিন আরও বেশ কয়েকটি EMU পরিষেবা চালুর কথা ঘোষণা করেন DRM। সন্ধ্যার ব্যস্ত সময়ে ডায়মন্ড হারবার ও হাসনাবাদ শাখায় অতিরিক্ত ইএমইউ পরিষেবা চালু, আমঘাটা–কৃষ্ণনগর এবং বারাসাত–দমদম ক্যান্টনমেন্ট শাখায় নতুন লোকাল পরিষেবার সূচনা এবং বারুইপুর থেকে লক্ষ্মীকান্তপুর , শিয়ালদহ–রানাঘাট লোকালের কৃষ্ণনগর পর্যন্ত সম্প্রসারণ , রানাঘাট–শান্তিপুর–কৃষ্ণনগর লোকালের আমঘাটা পর্যন্ত সম্প্রসারণের ঘোষণা করা হয়েছে।