ADAS থেকে শুরু করে হাইব্রিড প্রযুক্তি! নতুন রূপে আসছে Hyundai i20, প্রকাশ্যে প্রথম লুক।Hyundai i20 Facelift: নতুন লুকে বাজারে আসছে Hyundai i20। ইতিমধ্যেই নতুন মডেলের প্রথম টিজ়ার রিলিজ করেছে হুন্ডাই। এটাই ফোর্থ জেনারশনের আই টোয়েন্টি। টিজার থেকে একটি বিষয় স্পষ্ট। এবার সম্পূর্ণ সামনের বনেটের লাইন জুড়ে LED দিতে চলেছে হুন্ডাই। এর আগে ঠিক এই একই স্টাইলে ভার্না, ক্রেটাতেও লম্বা LED প্যানেল জুড়েছিল সংস্থা। এবার আই টোয়েন্টিতেও সেই লুক জুড়তে চলেছে।
ব্রাজ়িলে গাড়ির টিজার রিলিজ করেছে হুন্ডাই। তাতে গাড়ির সামনের অংশের কিছুটা দেখা গিয়েছে। নতুন সিগনেচার LED লাইট এবং সম্পূর্ণ নতুন ফ্রন্ট ডিজ়াইনের ইঙ্গিত মিলেছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান মডেলের তুলনায় নতুন i20 আরও আধুনিক এবং প্রযুক্তিনির্ভর হতে চলেছে।
দীর্ঘ দিন ধরেই নতুন i20-র পরীক্ষামূলক চলাচল নজরে এসেছে বিভিন্ন দেশে। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে লঞ্চের দিন ঘোষণা করেনি Hyundai, তবে সংস্থার তরফে টিজ়ার প্রকাশের পর স্পষ্ট যে বাজারে আসতে আর বেশি দেরি নেই।
জানা গিয়েছে, নতুন i20 তৈরি হবে Hyundai-র নতুন H-Architecture প্ল্যাটফর্মের উপর। এই নতুন প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে গাড়ির নিরাপত্তা, স্থায়িত্ব এবং পারফরম্যান্স আরও উন্নত হতে পারে। পাশাপাশি নতুন পাওয়ারট্রেনও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অটোমোবাইল মহলের একাংশের অনুমান, Hyundai তাদের ভবিষ্যৎ হাইব্রিড গাড়ির তালিকায় i20-কেও অন্তর্ভুক্ত করতে পারে। সংস্থা ইতিমধ্যেই একাধিক হাইব্রিড মডেল আনার পরিকল্পনার কথা জানিয়েছে। ফলে নতুন i20-তে হাইব্রিড প্রযুক্তি দেখা গেলে তা অবাক করার মতো হবে না।
গাড়ির বাইরের ডিজ়াইনে বড় পরিবর্তনের পাশাপাশি কেবিনেও একাধিক নতুনত্ব থাকতে পারে। পরীক্ষামূলক মডেলে একটি বড় কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছে, যেখানে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ইনফোটেনমেন্ট সিস্টেম একই ইউনিটে সংযুক্ত থাকবে।
নতুন ডিজ়াইনের স্টিয়ারিং হুইলও দেখা গিয়েছে পরীক্ষামূলক মডেলে। পাশাপাশি কানেক্টেড কার প্রযুক্তি, উন্নত সফটওয়্যার এবং আরও আধুনিক ইউজ়ার ইন্টারফেস দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
ফিচারের তালিকায় থাকতে পারে ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি, উন্নত ADAS (Advanced Driver Assistance System) এবং আরও একাধিক সুরক্ষা প্রযুক্তি। ফলে নিরাপত্তার দিক থেকেও নতুন i20 আগের তুলনায় অনেকটাই এগিয়ে থাকতে পারে।
ব্রাজ়িলের বাজারে গাড়িটি ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনের সঙ্গে আসতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ১.০ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনও থাকতে পারে। আন্তর্জাতিক বাজারে আগামী মাসেই গাড়িটি আত্মপ্রকাশ করতে পারে। ভারতের বাজারে বছরের শেষ দিকে নতুন Hyundai i20 লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শিল্পমহলের অনুমান।
প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে Hyundai i20 ইতিমধ্যেই শক্তিশালী অবস্থান তৈরি করেছে। নতুন জেনারেশনের মডেল বাজারে এলে প্রতিযোগিতা আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।