ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন, নতুন IRCTC বিটা ওয়েবসাইটে কী কী সুবিধা? দেখে নিন

নতুন বিটা সংস্করণে Captcha সংক্রান্ত সমস্যাও অনেকটাই কমানো হয়েছে। আগে টিকিট বুকিংয়ের সময় বারবার ক্যাপচা পূরণ করতে হতো, ফলে সময় নষ্ট হতো। নতুন সংস্করণে এই সমস্যা অনেকটাই দূর করা হয়েছে।

Advertisement
ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন, নতুন IRCTC বিটা ওয়েবসাইটে কী কী সুবিধা? দেখে IRCTC বিটা ভার্সন
হাইলাইটস
  • রেল মন্ত্রকের দাবি, যাত্রীদের পরামর্শের ভিত্তিতে ওয়েবসাইটে আরও উন্নতি করা হবে
  • এরপর কয়েক সপ্তাহের মধ্যেই নতুন পোর্টালটি সমস্ত ব্যবহারকারীর জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হবে

ট্রেনে টিকিট বুক করার জন্য যদি আপনি IRCTC-র ওয়েবসাইট ব্যবহার করেন, তাহলে আপনার জন্য সুখবর। ভারতীয় রেল IRCTC-র নতুন বিটা (Beta) ওয়েবসাইট চালু করেছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই নতুন সংস্করণ সাধারণ মানুষের জন্য খোলা হয়েছে। যাতে ব্যবহারকারীরা এটি ব্যবহার করে নিজেদের মতামত জানাতে পারেন।

রেল মন্ত্রকের দাবি, যাত্রীদের পরামর্শের ভিত্তিতে ওয়েবসাইটে আরও উন্নতি করা হবে। এরপর কয়েক সপ্তাহের মধ্যেই নতুন পোর্টালটি সমস্ত ব্যবহারকারীর জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

২৪ বছর পর বড় পরিবর্তন

IRCTC-র ওয়েবসাইট প্রথম চালু হয় ২০০২ সালে। বর্তমানে প্রতিদিন গড়ে ১৪.৫ লক্ষেরও বেশি টিকিট বুকিং এই প্ল্যাটফর্মের মাধ্যমে হয়। প্রতি মাসে কোটি কোটি যাত্রী এই ওয়েবসাইট ব্যবহার করেন। প্রায় ২৪ বছর পর এবার ওয়েবসাইটের ডিজাইন ও বুকিং পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হয়েছে, যাতে টিকিট কাটা আরও সহজ ও দ্রুত হয়।

নতুন ডিজাইন, আরও পরিষ্কার ইন্টারফেস 

নতুন ওয়েবসাইটের সবচেয়ে বড় পরিবর্তন হল এর ডিজাইন। আগের তুলনায় এটি অনেক বেশি পরিচ্ছন্ন ও ব্যবহারকারী-বান্ধব। অপ্রয়োজনীয় পপ-আপ, ঝলমলে গ্রাফিক্স এবং মনোযোগ নষ্ট করে এমন উপাদান অনেকটাই সরিয়ে দেওয়া হয়েছে। ফলে যাত্রীরা সহজেই প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন এবং বুকিংয়ের অভিজ্ঞতা আরও ভালো হবে।

নয়া ওয়েবসাইট
নয়া ওয়েবসাইট

ক্যাপচার ঝামেলা কমবে

নতুন বিটা সংস্করণে Captcha সংক্রান্ত সমস্যাও অনেকটাই কমানো হয়েছে। আগে টিকিট বুকিংয়ের সময় বারবার ক্যাপচা পূরণ করতে হতো, ফলে সময় নষ্ট হতো। নতুন সংস্করণে এই সমস্যা অনেকটাই দূর করা হয়েছে। বিশেষ করে  তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এটি যাত্রীদের বড় সুবিধা দেবে বলে মনে করছে রেল।

এক স্ক্রিনেই দেখা যাবে সব ক্লাসের সিট

আগে বিভিন্ন ক্লাসের সিটের প্রাপ্যতা দেখতে বারবার অপশন পরিবর্তন করতে হতো। এখন এক জায়গাতেই বিভিন্ন শ্রেণির সিটের অবস্থা দেখা যাবে। ফলে কোন ক্লাসে টিকিট পাওয়া যাচ্ছে, তা দ্রুত বোঝা সম্ভব হবে। 

Advertisement

সহজ হয়েছে বুকিং প্রক্রিয়া 

চেকআউট প্রক্রিয়াও সহজ করা হয়েছে। আগে টিকিট বুক করতে একাধিক ধাপ ও বিভিন্ন স্ক্রিন অতিক্রম করতে হতো। নতুন ওয়েবসাইটে সেই ধাপের সংখ্যা কমানো হয়েছে। ফলে কম সময়েই বুকিং সম্পন্ন করা যাবে।

বারবার যাত্রীর তথ্য লিখতে হবে না

যাঁরা নিয়মিত একই ব্যক্তিদের জন্য টিকিট কাটেন, তাঁদের জন্যও বড় সুবিধা রয়েছে। সংরক্ষিত যাত্রীর তথ্য পুনরায় ব্যবহার করা যাবে। ফলে প্রতিবার নাম, বয়স ও অন্যান্য তথ্য নতুন করে লিখতে হবে না।

এই সেই বিটা ওয়েবসাইট
এই সেই বিটা ওয়েবসাইট

ছাত্রদের পরামর্শে তৈরি নতুন ডিজাইন

রেল মন্ত্রক জানিয়েছে, নতুন ওয়েবসাইট তৈরিতে মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (MNIT), জয়পুরের ছাত্রদের পরামর্শও নেওয়া হয়েছে। তাঁদের দেওয়া বিভিন্ন পরামর্শের ভিত্তিতেই ওয়েবসাইটটিকে আরও সহজ ও ব্যবহারকারী-বান্ধব করা হয়েছে।

এখনও পরীক্ষামূলক পর্যায়ে

সরকার জানিয়েছে, এটি আপাতত একটি বিটা সংস্করণ। ব্যবহারকারীদের মতামত পাওয়ার পর আরও পরিবর্তন আনা হবে। এরপর নতুন IRCTC পোর্টাল সবার জন্য চালু করা হবে।

নতুন PRS সিস্টেমের সঙ্গে যুক্ত হবে

রেল মন্ত্রক আরও জানিয়েছে, খুব শিগগিরই এই নতুন ওয়েবসাইটকে আধুনিক Passenger Reservation System-এর সঙ্গে যুক্ত করা হবে। এই ব্যবস্থাই সারা দেশের রেল টিকিট বুকিং পরিচালনা করে। নতুন PRS চালু হলে বেশি ট্রাফিকের সময়ও ওয়েবসাইট আরও দ্রুত ও স্থিতিশীলভাবে কাজ করবে।

কীভাবে ব্যবহার করবেন?

যাত্রীরা IRCTC-র ই-টিকিটিং পোর্টালে গিয়ে নতুন বিটা ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি বর্তমান IRCTC হোমপেজেও নতুন বিটা সংস্করণের লিঙ্ক দেওয়া হবে, যাতে ব্যবহারকারীরা সহজেই নতুন প্ল্যাটফর্মটি পরীক্ষা করে দেখতে পারেন। রেলের আশা, বিটা পরীক্ষায় ইতিবাচক সাড়া মিললে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কোটি কোটি যাত্রী এই নতুন IRCTC পোর্টালের সুবিধা পাবেন।
 

POST A COMMENT
Advertisement