UPI-তে আসছে নতুন নিয়ম।ফোনপে, গুগলপে আজকাল লোকের ফোনে ফোনে। দেশের কোটি কোটি মানুষ UPI ব্যবহার করেন। দোকানে কেনাকাটা হোক বা অনলাইন পেমেন্ট, Google Pay, PhonePe সহ বিভিন্ন UPI অ্যাপ এখন দৈনন্দিন জীবনের অংশ। এ বার সেই ডিজিটাল পেমেন্ট সিস্টেমেই আসছে বড় পরিবর্তন। ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম। এবার থেকে UPI লেনদেনের সময় আর পুরো মোবাইল নম্বর দেখা যাবে না। ব্যবহারকারীদের প্রাইভেসি এবং সেফটি বাড়াতেই এই পদক্ষেপ। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) নতুন নির্দেশিকা জারি করেছে। তাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত ব্যাঙ্ক এবং UPI পরিষেবা প্রদানকারী সংস্থাকে এই সংক্রান্ত আপডেট আনতে হবে। নতুন নিয়ম চালু হওয়ার পর টাকা পাঠানো বা গ্রহণের সময় ব্যবহারকারীর সম্পূর্ণ মোবাইল নম্বরের পরিবর্তে শুধুমাত্র শেষ চারটি সংখ্যা দৃশ্যমান থাকবে।
কেন বদল?
UPI ব্যবহার বেড়েছে। বেড়েছে পার্সোনাল ডেটার সেফটি নিয়ে উদ্বেগও। বহু ক্ষেত্রেই লেনদেনের সময় মোবাইল নম্বর শো করে। ফলে অবাঞ্ছিত ফোন, প্রতারণার চেষ্টা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের অভিযোগ উঠছিল। নতুন ব্যবস্থায় সেই ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
বিশেষ করে কোনও দোকানে QR কোড স্ক্যান করে পেমেন্ট করার সময় বা অপরিচিত ব্যক্তির সঙ্গে লেনদেনের ক্ষেত্রে আর পুরো ফোন নম্বর দেখা যাবে না। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকবে।
QR কোড পেমেন্টেও নতুন নিয়ম
শুধু ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) লেনদেন নয়, QR কোড স্ক্যান করে পেমেন্টের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ, টাকা পাঠানো বা গ্রহণ; দুই ক্ষেত্রেই সম্পূর্ণ মোবাইল নম্বর গোপন রাখা হবে। এতে ব্যবসায়ী এবং গ্রাহক; উভয়েরই তথ্য সুরক্ষিত থাকবে।
আসছে নতুন UPI Username
নতুন নির্দেশিকায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হয়েছে। মোবাইল নম্বরভিত্তিক UPI আইডির পাশাপাশি username@bank ফরম্যাটের UPI Username ব্যবহারে জোর দেওয়া হচ্ছে।
অর্থাৎ, ভবিষ্যতে ব্যবহারকারীরা চাইলে মোবাইল নম্বর প্রকাশ না করেই নির্দিষ্ট ইউজারনেম ব্যবহার করে টাকা পাঠাতে বা গ্রহণ করতে পারবেন। এতে লেনদেন যেমন সহজ হবে, তেমনই ব্যক্তিগত তথ্যও আরও সুরক্ষিত থাকবে।
কাদের জন্য এই পরিবর্তন?
এই নতুন নিয়ম Google Pay, PhonePe, Paytm-সহ সমস্ত UPI প্ল্যাটফর্ম এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে। ৪ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত আপডেট সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ধাপে ধাপে নতুন ব্যবস্থা কার্যকর হবে।
সাধারণ মানুষের কী লাভ হবে?
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে ডিজিটাল লেনদেনে গোপনীয়তা আরও বাড়বে। মোবাইল নম্বর সহজে অন্যের হাতে না পৌঁছনোয় প্রতারণার ঝুঁকিও কমতে পারে। বিশেষ করে মহিলাদের নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার ক্ষেত্রেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
UPI-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক এবং ব্যবহারবান্ধব করতেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে আগামিদিনে ডিজিটাল পেমেন্টে আস্থা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।