সুপ্রিম কোর্টের প্রস্তাব বিমা নেই তো তেলও নেই।No Insurance, No fuel। বাংলায় 'বিমা নেই তো তেলও নেই'। অর্থাৎ বিমা না থাকলে মিলবে না তেল। এমন কড়া নিয়ম চালু হতে পারে খুব শীঘ্রই। পাম্পে ঢুকলেই ক্যামেরা আপনার গাড়ির নম্বর প্লেট স্ক্যান করে স্পিকারে বলে উঠবে,'আগে বিমা করান, তারপর তেল পাবেন! ফলে বিমা ছাড়া তেল পাওয়া একপ্রকার অসম্ভব হতে চলেছে। সৌজন্যে সুপ্রিম কোর্টের একটি প্রস্তাব।
গাড়ির বিমা নিয়ে এবার অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে দেশের শীর্ষ আদালত। বিমাহীন গাড়ি রাস্তায় চলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ। শীর্ষ আদালতের পরামর্শ, বিমা না থাকা গাড়িকে কোনওভাবেই যেন জ্বালানি না দেওয়া হয়। এ বিষয়ে পেট্রোল পাম্পগুলিতে পরীক্ষানিরীক্ষা বা পাইলট প্রজেক্ট শুরু করার জন্য বিমা নিয়ামক সংস্থা আইআরডিএআই (IRDAI) এবং সড়ক পরিবহণমন্ত্রককে প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা এখনও পর্যন্ত খালি প্রস্তাব। এর মানে এই নয় যে গোটা দেশেই এখন থেকে চালু হয়ে যাবে।
বিমার মেয়াদ বাড়ানোর প্রস্তাব
নতুন গাড়ির ক্ষেত্রে বাধ্যতামূলক থার্ড পার্টি মোটর বিমার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার থেকে নতুন চার চাকার গাড়ির ক্ষেত্রে থার্ড পার্টি বিমা ৩ বছরের বদলে ৪ বছর করা যেতে পারে। আর দু'চাকার গাড়ির ক্ষেত্রে সেটা ৫ বছরের বদলে হতে পারে ৬ বছর।
আদালতের বক্তব্য, ২০১৮ সালে নির্দেশ দেওয়া সত্ত্বেও বহু গাড়ি বিমা ছাড়াই রাস্তায় নামছে। দুর্ঘটনাগ্রস্তদের স্বার্থ সুরক্ষিত করতেই এই মেয়াদ ১ বছর বাড়ানোর সিদ্ধান্ত। মোটর যান আইনের ১৪৬ নম্বর ধারা অনুযায়ী, থার্ড পার্টি বিমার মূল উদ্দেশ্য কেবল দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া নয়, বরং দীর্ঘ আইনি জটিলতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করা।
বিমা চেকিংয়ের জন্য হাইওয়ে ও রাস্তার মোড়ে থাকা এএনপিআর (ANPR) বা অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন ক্যামেরাকে বিমার মূল ডেটাবেস এবং 'বাহন' (VAHAN) পোর্টালের সঙ্গে যুক্ত করার প্রস্তাবও দিয়েছে সুপ্রিম কোর্ট।
থার্ড পার্টি বিমা এবং এএনপিআর ক্যামেরা ঠিক কীভাবে কাজ করে?
ভারতে মোটর যান আইন অনুযায়ী থার্ড পার্টি বিমা থাকা বাধ্যতামূলক। আপনার গাড়ির ধাক্কায় অন্য কোনও ব্যক্তি, তাঁর গাড়ি বা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে বিমা সংস্থা সেই আর্থিক ক্ষতির দায়ভার বহন করে। তবে এতে আপনার নিজের গাড়ির ক্ষতি হলে কোনও টাকা পাবেন না, এ জন্য কম্প্রিহেনসিভ বিমা করাতে হয়। এমনকি গাড়ি চুরি গেলেও থার্ড পার্টি বিমায় কোনও ক্ষতিপূরণ মেলে না। মোদ্দা কথা, এই বিমা থাকলে দুর্ঘটনার ক্ষেত্রে অন্তত সামনের মানুষটির আর্থিক সুরক্ষা নিশ্চিত হয়।
এএনপিআর ক্যামেরা (ANPR) কী?
এটি একটি ইমেজ প্রসেসিং প্রযুক্তি। যা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR) ব্যবহারের মাধ্যমে গাড়ির নম্বর প্লেট অনায়াসে পড়ে নিতে পারে। মেশিন লার্নিং প্রযুক্তিতে তৈরি এই ক্যামেরাগুলিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে কেবল নম্বর প্লেট এবং অক্ষরের ওপর নজর রাখার জন্য। দিল্লির বহু পেট্রোল পাম্পে ইতিমধ্যেই এই প্রযুক্তি চালু। সেখানে গাড়ির দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট (PUC) না থাকলে ডিজিটাল ক্যামেরার মাধ্যমে তা ধরা পড়ে। চালককে তেল দেওয়া হয় না। টোল প্লাজাতেও এই ক্যামেরার ব্যবহার বাড়ছে।
ভারতে বিমাহীন গাড়ি
ভাবছেন তো, আর ক'টা গাড়িরই বা বিমা করানো নেই? পরিসংখ্যান কিন্তু চোখ কপালে তোলার মতো! সংসদীয় কমিটির রিপোর্ট উল্লেখ করে আদালত জানিয়েছে, ভারতে প্রায় ৫৬ শতাংশ গাড়িই চলছে বৈধ বিমা ছাড়া। অর্থাৎ দেশের প্রায় ৩০.৪৮ কোটি রেজিস্ট্রার গাড়ির মধ্যে ১৬.৫৪ কোটি গাড়িরই কোনও বিমা নেই।
ভবিষ্যতের ছবিটা কিন্তু স্পষ্ট। তাই ভবিষ্যৎ থেকে বর্তমানে ফিরুন। গাড়ির বিমার মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকলে বাকি সব কাজ পাশে সরিয়ে আগে বিমাটা করিয়ে নিন।