বন্দে ভারত স্লিপারে তৎকাল টিকিট হঠাৎ করে প্ল্যান হয়েছে? ভাবছেন তৎকালে টিকিট কেটে উঠে পড়বেন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে? না, আপনার সে আশা পূর্ণ হবে না। কারণ এই ট্রেনটির টিকিটের জন্য কোনওরকম তৎকাল কোটা থাকছে না। সাফ জানিয়ে দিয়েছে রেল।
বর্তমানে গোটা দেশে ৩ জোড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চলে। হাওড়া থেকে কামাখ্যা (গুয়াহাটি), মুম্বাই CSMT থেকে এসএমভিটি বেঙ্গালুরু এবং বারাণসী থেকে নয়া দিল্লি। এই ট্রেনগুলিতে চড়তে গেলে শুধুমাত্র আগাম রিজার্ভেশন পিরিয়ড নিয়ম মেনে টিকিট কাটা যাবে।
নর্থ সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ড. শিবম শর্মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্য বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে তৎকাল কোটা রাখা হচ্ছে না। ওই ট্রেনের সব আসনই অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে কাটা যাবে।
বন্দে ভারত স্লিপারে চড়তে গেলে গেলে কোন টিকিট কাটবেন?
রেলের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র কনফার্ম টিকিট থাকলে তবেই ট্রেনে ওঠা যাবে। RAC, ওয়েটিং লিস্টে নাম থাকলে সেই টিকিট নিয়ে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে ওঠা যাবে না। ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে যদি টিকিট ক্যানসেল করা হয় তাহলে ভাড়ার ২৫% কেটে নেওয়া হবে। ট্রেন ছাড়ার ৮-৭২ ঘণ্টা আগে কনফার্মড টিকিট বাতিল করা হলে ভাড়ার ৫০% কেটে নেওয়া হবে। ট্রেন ছাড়ার সময় থেকে তার আগের ৮ ঘণ্টার মধ্যে কনফার্মড টিকিট বাতিল করা হলে ভাড়ার পুরোটাই কেটে নেওয়া হবে, কোনও রিফান্ড দেওয়া হবে না।
উল্লেখ্য, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে মোট ৮২৩টি আসন রয়েছে। এসি থ্রি টিয়ারে ৬১১টি, এসি টু টিয়ারে ১৮৮টি, এসি থ্রি টিয়ারে ২৪টি।