আপনার কোন নথি নাগরিকত্বের প্রমাণ? পাসপোর্ট নয়। আধার কার্ড নয়। এমনকী ভোটার কার্ডও না। ৩টির কোনওটিই আর দেশের নাগরিকত্ব প্রমাণের নথি নয়। তবে আপনি যে ভারতীয় নাগরিক, তা কোন নথি দেখিয়ে প্রমাণ দেবেন?
সম্প্রতি বিদেশ মন্ত্রক ঘোষণা করেছে পাসপোর্ট ভারতীয়দের নাগরিকত্বের প্রমাণ নয়। এটি স্রেফ ভ্রমণের নথি। যদিও SIR-এর সময়ে ভোটার তালিকায় নাম তোলার জন্য সুপ্রিম কোর্ট পাসপোর্টকে ভারতীয় নাগরিকত্বের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হিসেবেই সিলমোহর গিয়েছিল। ফলত প্রশ্ন উঠছে, তাহলে ভারতীয় নাগরিকত্ব আসলে কী?
আগেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় বলে বাতিল করা হয়েছিল আধার এবং ভোটার কার্ড। তাহলে এবার ভারতে বাসিন্দাদের কোন কঠোর ঝাড়াই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে? কীভাবে প্রমাণিত হবে আপনি ভারতেরই নাগরিক?
ভারতে নাগরিকত্ব প্রমাণের জন্য কোন কোন নথি গ্রহণযোগ্য?
এই প্রশ্নটি দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয়। ভারতীয়দের কাছে বিভিন্ন ধরনের সরকারি পরিচয়পত্র থাকলেও, সব নথি নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়।
আধার কার্ড: ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ড ইস্যু করে। এটি একটি ১২ সংখ্যার স্বতন্ত্র পরিচয় নম্বর, যা সরকারি পরিষেবা গ্রহণ এবং পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়। তবে আধার কার্ড আইনত ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। কারণ, এটি শুধুমাত্র ব্যক্তির পরিচয় এবং বসবাসের তথ্য প্রতিষ্ঠা করে। ভারতে বসবাসকারী অ-নাগরিকরাও আধার কার্ড পেতে পারেন।
প্যান কার্ড: পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড হল আয়কর দফতর কর্তৃক ইস্যু করা ১০ অক্ষরের একটি আলফানিউমেরিক পরিচয় নম্বর। যেহেতু এটি মূলত করদাতা বা যাঁদের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন রয়েছে, তাঁদের জন্য জারি করা হয়, তাই প্যান কার্ডও ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হয় না।
ভোটার আইডি কার্ড: ভারতের নির্বাচন কমিশন দেশের নির্দিষ্ট এলাকার নাগরিকদের ভোটদানের জন্য ভোটার পরিচয়পত্র প্রদান করে। তবে এই কার্ডটি স্বরাষ্ট্র মন্ত্রক ইস্যু করে না। ফলে, এটি নাগরিকত্বের চূড়ান্ত আইনি প্রমাণ হিসেবে বিবেচিত হয় না।
জন্ম শংসাপত্র: জন্ম শংসাপত্র থেকে বোঝা যায় যে কোনও ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করেছেন। কিন্তু শুধুমাত্র ভারতে জন্মগ্রহণ করলেই স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায় না। কিছু ক্ষেত্রে, ব্যক্তির বাবা-মায়ের নাগরিকত্ব প্রমাণ করা গেলে জন্মসূত্রে নাগরিকত্বের দাবি করা সম্ভব।
কীভাবে ভারতীয় নাগরিকত্ব নির্ধারিত হয়?
ভারতীয় নাগরিকত্ব ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন (Citizenship Act, 1955) দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এর দায়িত্বে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
নাগরিকত্ব জন্মসূত্রে: যে ব্যক্তি ২৬ জানুয়ারি, ১৯৫০ বা তার পরে এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০০৩ কার্যকর হওয়ার আগে ভারতে জন্মগ্রহণ করেছেন, অথবা যার বাবা-মা উভয়েই ভারতীয় নাগরিক, কিংবা একজন ভারতীয় নাগরিক এবং অন্যজন জন্মের সময় অবৈধ অভিবাসী নন, তিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হতে পারেন।
নাগরিকত্ব বংশসূত্রে: ভারতের বাইরে জন্মগ্রহণকারী কোনও ব্যক্তি বংশসূত্রে ভারতীয় নাগরিক হতে পারেন, যদি তাঁর বাবা-মা দু'জনেই অথবা তাঁদের মধ্যে একজন ভারতীয় নাগরিক হন এবং অবৈধ অভিবাসী না হন। তবে সন্তানের জন্মের এক বছরের মধ্যে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটে জন্ম নথিভুক্ত করতে হবে।
নাগরিকত্ব রেজিস্ট্রেশনের মাধ্যমে: স্বরাষ্ট্র মন্ত্রক নির্দিষ্ট ও অনুমোদিত শ্রেণির অন্তর্ভুক্ত ব্যক্তিদের ভারতীয় নাগরিক হিসেবে নিবন্ধিত করতে পারে।
ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে কোন নথি ব্যবহার করা যায়?
নাগরিকত্ব প্রমাণের জন্য জন্মতারিখ এবং জন্মস্থান সম্পর্কিত নথি জমা দেওয়া যেতে পারে। তবে সরকার এখনও পর্যন্ত এমন কোনও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে কোন কোন নথি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। অর্থাৎ, বর্তমানে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য গ্রহণযোগ্য নথির কোনও নির্দিষ্ট ও চূড়ান্ত সরকারি তালিকা নেই।