Passport New Rules 2026: বদলে গেল পাসপোর্টের নিয়ম, ফি থেকে মেয়াদ, কী কী পরিবর্তন?

পাসপোর্ট সংক্রান্ত নিয়মে পরিবর্তন এসেছে। যাঁরা বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টের আবেদন করছেন, তাঁদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা জরুরি।

Advertisement
বদলে গেল পাসপোর্টের নিয়ম, ফি থেকে মেয়াদ, কী কী পরিবর্তন?
হাইলাইটস
  • পাসপোর্টের নিয়মে বড়সড় বদল
  • মেয়াদ থেকে শুরু করে ফি, সবেতেই পরিবর্তন
  • বিদেশ ভ্রমণের আগে এই নিয়মগুলি জানা জরুরি

যাঁরা বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টের আবেদন করছেন, তাঁদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা জরুরি। বিদেশ মন্ত্রক পাসপোর্ট সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য একটি সাধারণ ৩৬ পাতার পাসপোর্টের মেয়াদ এখন থেকে ৫ বছর অথবা শিশুটির ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত বৈধ থাকবে।

বিদেশ মন্ত্রক ১৫ সেপ্টেম্বর সরকারি গেজেট পাসপোর্ট সংশোধনী বিধি ২০২৬ জারি করেছে। নতুন বিধি অনুযায়ী, পাসপোর্ট ফি এবং শিশুদের পাসপোর্টের মেয়াদে পরিবর্তন আনা হয়েছে। 

শিশুদের পাসপোর্টে কী পরিবর্তন?
নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কোনও শিশুকে দেওয়া ৩৬ পাতার স্ট্যান্ডার্ড পাসপোর্ট এখন থেকে ইস্যুর তারিখ থেকে ৫ বছরের জন্য বৈধ থাকবে। তবে এর আগে তার বয়স ১৮ হয়ে গেলে পাসপোর্টটির মেয়াদ শেষ হবে। এর অর্থ কারও পাসপোর্টের মেয়াদ তার ১৮ বছর বয়স হওয়ার আগেই, এমনকী ৫ বছর পূর্ণ হওয়ারও আগে শেষ হয়ে যেতে পারে। 

পাসপোর্ট ফি বৃদ্ধি
বিদেশ মন্ত্রক বিভিন্ন পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা ফিও বৃদ্ধি করেছে। নতুন ফি ১ জুলাই থেকে কার্যকর হবে। এর মধ্যে রয়েছে নতুন পাসপোর্ট সংগ্রহ, পাসপোর্ট রিনিউ, জরুরি পরিষেবা, পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নতুন পাসপোর্ট সংগ্রহ এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার মতো বিষয়গুলি। 

জেনারেল ক্যাটাগরির প্রাপ্তবয়স্কদের জন্য ৩৬ পাতার পাসপোর্টের দাম এখন ২৫০০ টাকা হবে, যা আগে ছিল ১৫০০ টাকা। ৬০ পাতার পাসপোর্টের ফি ২০০০ টাকা থেকে বেড়ে ৩৫০০ টাকা হয়েছে।

তৎকাল পাসপোর্টের খরচ
৩৬ পাতার তৎকাল পাসপোর্টের জন্য এখন খরচ হবে ৫ হাজার টাকা। আগে ৩৬ পাতার তৎকাল পাসপোর্টের ফি ছিল ৩৫০০ টাকা। ৬০ পাতার তৎকাল পাসপোর্টের ফি ৪০০০ থেকে বাড়িয়ে ৬০০০ করা হয়েছে। যদি ৬০ পাতার পাসপোর্ট নষ্ট হয়ে যায় তবে নতুন পাসপোর্টের জন্য তৎকাল ফি এখন হবে ৮৫০০ টাকা। এই ফি আগে ছিল ৫৫০০ টাকা। 

Advertisement

শিশুদের জন্য নতুন ফি
নাবালকদের জন্য নতুন বা রিনিউ করা ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের ফি এখন ১ হাজার ৭৫০ টাকা। আগে এটি ছিল ১০০০ টাকা। একই পাসপোর্টের জন্য তৎকাল পরিষেবা ফি এখন হবে ৩০০০ টাকা। এছাড়াও ৮ বছরের কম বয়সী শিশু এবং ৬০ বছরের বেশি বয়সীদের নতুন পাসপোর্ট আবেদনের উপর ১০ শতাংশ ছাড় অব্যাহত থাকবে। তবে পাসপোর্ট রিনিউয়ের ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে না। নতুন পরিবর্তন অনুযায়ী, বিভিন্ন পাসপোর্ট পরিষেবা ফি এখন পাসপোর্ট বিধির ১৯৮০-র নতুন ফি তালিকা অনুসারে নির্ধারিত হবে। 

 

POST A COMMENT
Advertisement