উৎসবের মরশুমেই বাড়তে পারে পেট্রোল, ডিজেলের দামউৎসবের আবহ মিটলেই দেশে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির শঙ্কা। অক্সফোর্ড ইকোনমিক্সের একটি রিপোর্ট উল্লেখ করে এই দাবি করেছে ব্লুমবার্গ। বলা হচ্ছে, আগামী বছরের গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে জ্বালানির দাম বাড়ানোর জন্য এটিই সরকারের কাছে শেষ বড় সুযোগ হতে পারে। তবে পেট্রোল ও ডিজেলের দাম বাড়লে তার প্রভাব শুধু সাধারণ মানুষের পকেটেই নয়, মুদ্রাস্ফীতির পরিসংখ্যানেও টের পাওয়া যেতে পারে।
নভেম্বরে পেট্রোল ও ডিজেলের দাম কেন বাড়তে পারে?
ব্লুমবার্গের রিপোর্টে, অক্সফোর্ড ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ আলেকজান্দ্রা হারমান প্রসাদের একটি নোট উদ্ধৃত করে বলা হয়েছে, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর জন্য নভেম্বর মাসই শেষ কার্যকর সুযোগ হতে পারে। এর কারণ হলো, আগামী বছরের বিধানসভা নির্বাচন। উত্তর প্রদেশ ও পাঞ্জাবসহ সাতটি রাজ্যে ২০২৭ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে, মার্চ থেকে মে মাসের মধ্যে ভোটগ্রহণ চলবে। তাই, নির্বাচনী প্রচার জোরদার হওয়ার আগেই সরকার জ্বালানির দাম বাড়াতে পারে।
পেট্রোল ও ডিজেলের দাম কতটা বাড়তে পারে?
নভেম্বরে জ্বালানির দামের সম্ভাব্য বৃদ্ধি ৩.৭৫ শতাংশ হতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে মে মাসে জ্বালানির দাম বাড়ানো হয়েছিল। তারপর থেকে আর জ্বালানির দাম বৃদ্ধি হয়নি।
মুদ্রাস্ফীতি ৬.৫ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা
অক্সফোর্ড ইকোনমিক্সের অনুমান অনুযায়ী, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে খুচরা মূল্যস্ফীতি ৬.২% এবং ২০২৭ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ৬.৫%-এ পৌঁছাতে পারে।
এই দুটি পরিসংখ্যানই RBI-এর দেওয়া সর্বোচ্চ ৬ সীমারেখার উপরে। তবে, আরবিআই-এর পূর্বাভাস আলাদা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আশা করছে, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি ৬% হবে এবং জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে তা কমে ৫.৭% হবে। অক্সফোর্ড ইকোনমিক্স পুরো অর্থবর্ষের জন্য মুদ্রাস্ফীতি ৫.৪% হবে বলে অনুমান করেছে, যেখানে আরবিআই-এর অনুমান ৫.২%।
RBI কি আবার রেপো রেট বাড়াবে?
চলতি মাসেই RBI রেপো রেট বৃদ্ধি করেছে। গত ৭ অক্টোবর MPC বৈঠক শেষে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার কথা জানিয়েছেন RBI। এরফলে রেপো রেটের হার ৫.২৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫.৫০ শতাংশ। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে জানাচ্ছেন, আগামী মাসগুলিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্র আরও একবার রেপো রেট বৃদ্ধির রাস্তাতে হাঁটতেই পারে।