PM Viswakarma Yojana Apply: বিশ্বকর্মা যোজনায় ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুযোগ, কীভাবে আবেদন করবেন?

নিজের হাতের কাজ বা ছোট ব্যবসা শুরু করতে গেলে অনেকেরই ফান্ডিংয়ের সমস্যা হয়। তাঁদের জন্যই বিশ্বকর্মা যোজনা। ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুযোগ কারা পাবেন? রইল আবেদনের পদ্ধতি...

Advertisement
বিশ্বকর্মা যোজনায় ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুযোগ, কীভাবে আবেদন করবেন?বিশ্বকর্মা যোজনায় আবেদন করবেন কীভাবে?
হাইলাইটস
  • বিশ্বকর্মা যোজনায় ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ
  • কারা ঋণের সুযোগ পাবেন?
  • রইল বিশ্বকর্মা যোজনার আবেদনের পদ্ধতি

ইতিমধ্যেই রাজ্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করেছে BJP সরকার। বিশ্বকর্মা পুজোর দিন, যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও বটে, ২০২৩ সালের ওইদিন থেকেই এই প্রকল্প প্রথম শুরু হয়েছিল। কীভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে? 

নিজের হাতের কাজ বা ছোট ব্যবসা শুরু করতে গেলে অনেকেরই ফান্ডিংয়ের সমস্যা হয়। আবার ব্যাঙ্ক থেকে ঋণ নিতেও অনেকে ভয় পান। তাঁদের কথা মাথায় রেখেই কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পের  লক্ষ্য একটাই, গ্রামের এবং প্রান্তিক এলাকার কারিগরদের আধুনিক প্রশিক্ষণ, ঋণের সুযোগ করে দেওয়া।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? 
ক্ষুদ্র, মাঝারি এবং কুটিরশিল্প মন্ত্রকের অধীনে এটি চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কারিগরদের জমানত ছাড়া ঋণ, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম, ডিজিটাল লেনদেনের সুবিধা এবং বাজারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। 

কারা আবেদন করতে পারবেন? 
১৮ বছর বয়স হলেই এই প্রকল্পে আবেদন করা যাবে। তবে আবেদনকারীকে সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে। এর মধ্যে রয়েছেন, ছুতোর, কামার, স্বর্ণকার, কুমোর, মূর্তিশিল্পী, রাজমিস্ত্রি, নাপিত, ধোপা, দর্জি, মালাকার(শোলার কাজ), নৌকা প্রস্তুতকারী, মাছ ধরার জাল প্রস্তুতকারক, চর্মকার। 

কী কী সুবিধা মিলবে এই প্রকল্পে?
এই প্রকল্পে অন্তর্ভুক্ত কারিগরদের প্রথমে ‘পিএম বিশ্বকর্মা সার্টিফিকেট’ এবং নির্দিষ্ট ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে তাঁদের কাজের সরকারি স্বীকৃতি মিলবে। দক্ষতা মূল্যায়নের পর কারিগরদের আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য ১৫ হাজার টাকার টুলকিট ইনসেন্টিভ দেওয়া হবে। এ ছাড়াও ৫ থেকে ৭ দিনের প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হবে। এই প্রশিক্ষণে আধুনিক সরঞ্জামের ব্যবহার, ডিজিটাল পেমেন্ট, ব্র্যান্ডিং, মার্কেটিং এবং লোন কীভাবে ম্যানেজ করবেন, তারও প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীরা ১ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণের জন্য আবেদন করতে পারবেন। সেই ঋণ ১৮ মাস ধরে ধীরে ধীরে শোধ করতে পারবেন।

Advertisement

আবেদনের স্টেপ বাই স্টেপ পদ্ধতি 
প্রথমে ‘পিএম বিশ্বকর্মা পোর্টাল’-এ যেতে হবে। সেখানে ‘হোম’ অপশনে গিয়ে ‘How to Register’-এ ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর ভেরিফিকেশন এবং আধার কেওয়াইসি করতে হবে।

তারপর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদন সফল হলে ডিজিটাল আইডি এবং সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। পরে প্রয়োজন অনুযায়ী ঋণ বা অন্যান্য সুবিধার জন্য আবেদন করা যাবে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা সংলগ্ন কর্মসূচি চলবে আগামী ১ মাসের জন্য। এছাড়াও বৃহস্পতিবার গঙ্গাবঙ্গে এক লক্ষ প্রদীপ প্রজ্জ্বলনের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

 

POST A COMMENT
Advertisement